বায়ুসেনার উইং কমান্ডারের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
কিউ ইন্ডিয়া বাংলা, রায়পুর: ছত্তিশগড়ের রায়পুরে নিজের সরকারি বাসভবন থেকে উদ্ধার হলো এক বায়ুসেনা আধিকারিকের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত আধিকারিকের নাম বিপুল যাদব (৩৯)। তিনি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার পদে কর্মরত ছিলেন এবং রায়পুরে মাওবাদী দমন অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে বিপুলের পরিচারিকা বাড়িতে এসে প্রথম তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন এবং খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিপুল আত্মঘাতী হয়েছেন, তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার না হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত আধিকারিকের পরিবারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। বিপুলের স্ত্রী বর্তমানে দিল্লিতে একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। উল্লেখযোগ্যভাবে, তিনিও আগে বায়ুসেনায় কাজ করতেন। জানা গিয়েছে, দম্পতির মধ্যে প্রায় প্রতিদিনই ফোনে অশান্তি হতো।
যে সময় বিপুল চরম পদক্ষেপটি গ্রহণ করেন, সেই সময় পাশের ঘরেই ঘুমিয়ে ছিল তাঁর ৯ বছরের পুত্র এবং ৭ বছরের কন্যা। সন্তানদের উপস্থিতিতেই এমন ঘটনায় স্তম্ভিত তদন্তকারীরাও।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। তবে দাম্পত্য কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিপুলের মোবাইল ফোনের কল রেকর্ড এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
