Accident-Eco Park : ইকোপার্কের কাছে স্কুটি দুর্ঘটনা, মৃত যুবক ….
কিউ ইন্ডিয়া বাংলা :- রবিবার সকালে ইকোপার্কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালকের। মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী। তিনি বাগুইআটি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বিশ্ববাংলা গেটের দিক থেকে আকাঙ্খা মোড়ের দিকে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ত্রিদিপ। ইকোপার্ক এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি এলাকায় দ্রুত গতিতে চলার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। ধাক্কায় পাল্টি খেয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তাঁর মাথায় হেলমেট ছিল না। মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত গতিই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিক অনুমান।
