তিলোত্তমা

Accident : সরস্বতী পুজোর সকালে সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, সংকটজনক পথচারী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সরস্বতী পুজোর সকালে সল্টলেকে ভয়ংকর পথদুর্ঘটনা। দ্রুতগতির একটি চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক পথচারী। একই দুর্ঘটনায় আরও দু’জন বাইক আরোহী আহত হয়েছেন। তিনজনকেই ইতিমধ্যে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। পথচারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিট নাগাদ কাঁকুড়গাছির দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। অনুমান করা হচ্ছে, গাড়িটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। সল্টলেকের হাডকো এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক পথচারীকে পিষে দেয় গাড়িটি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এরপরও গাড়িটি থামেনি। কিছুদূর এগিয়ে একটি গাছে ধাক্কা মারে। সেখান থেকে আবার একটি বাইকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। ধাক্কায় বাইক আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। আরও কিছুটা এগিয়ে একটি স্কুটিতে বসে থাকা এক যুবককে ধাক্কা মেরে অবশেষে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। ওই যুবক তখন মোবাইলে কথা বলছিলেন। দুর্ঘটনায় গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের সাহায্য করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে দ্রুতগতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তবে গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না বা চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *