আজকের দিনেভারত

ED : ভোট মিটতেই রিলিফ! I-PAC-এর ভিনেশ চান্ডেল জামিনে মুক্ত, ED নীরব !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বঙ্গে দুই দফার ভোট মিটতেই জামিন পেলেন রাজ্যের শাসকদলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল। আজ বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে মামলার শুনানিতে ইডি এই জামিনের বিরোধিতা করেনি। ফলে বিচারকরা চান্ডেলের জামিন মঞ্জুর করেন। সংস্থার আর্থিক দুর্নীতি মামলায় গত ১৩ ই এপ্রিল ভিনেশকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলার ভোট পর্ব মিটতেই তাঁকে জামিন দেওয়া হল।

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক আর্থিক দুর্নীতি মামলার কিনারা করতে তদন্তের গতি বাড়িয়ে তুলেছিল ইডি। এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে কয়লা পাচার মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় গত ১৩ ই এপ্রিল এই গ্রেপ্তারি, জানা গিয়েছিল। বাংলার ভোটের ঠিক ১০ দিন আগে এই গ্রেপ্তারির নেপথ্যে কেন্দ্রের শাসকদলের কলকাঠি রয়েছে বলে অভিযোগ করেছিল তৃনমূল । এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ছিল, ”বিজেপি বিরোধী হলে আপনিই পরের টার্গেট।” ভোটের ঠিক আগেই আকস্মিকভাবে আইপ্যাকের তরফে ঘোষণা করা হয়, আপাতত বাংলায় তাঁরা কাজ বন্ধ করছে। আগামী ২০ দিন কর্মীদের ছুটিতে পাঠানো হয়েছে। এনিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ্য মঞ্চ থেকে জানিয়েছিলেন , যদি তেমন পরিস্থিতি হয়, তাহলে তৃণমূল কংগ্রেস আইপ্যাক কর্মীদের চাকরির ব্যবস্থা করবে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের শুনানিতে ইডি ভিনেশের জামিনের বিরোধিতাই করেনি। অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অমিত বনসাল জামিন মঞ্জুর করেন জানান, পিএমএলএ-র ৪৫ ধারা অনুযায়ী জামিনের বিরোধিতা করার সুযোগ ছিল ইডির কাছে। কিন্তু তারা কোনও বিরোধিতা করেনি। ফলে ভিনেশ চান্ডেলের জামিন পেতে কোনও বাধা নেই। তবে কবে তিনি জেলমুক্ত হবেন, তা এখনও জানা নেই। ঘটনায় রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *