গুজরাটের ঘরের মাঠে আজ জয়ের খোঁজে কলকাতা নাইট রাইডার্স
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএলে এবারে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স। পাঁচ পাঁচটি ম্যাচ খেলা হয়ে গেলেও তাদের পয়েন্ট সংখ্যা মাত্র ১ , সেটাও আবার বৃষ্টির সৌজন্যে । চারটি ম্যাচে হেরেছে তারা। এমতাবস্থায় আজ গুজরাটের ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমন গিলদের মুখোমুখি হতে চলেছে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স ।
নাইটদের এই ম্যাচে জয় ছাড়া কোন লক্ষ্য নেই। পরপর চারটি ম্যাচে হার হজম করায় চাপ বেড়েছে দলের ওপর। এই ম্যাচে জয়ের রাস্তায় ফিরে আসার জন্য দলে বেশ কিছু বদল দেখা যেতে পারে । ২৫.২০ কোটি টাকার ক্যামেরন গ্রিন এখনো নাইটদের হয়ে তেমন কিছু করে দেখাতে পারেননি। সে কারণে আজকের ম্যাচে তাকে বসালেও বসাতে পারে নাইট টিম ম্যানেজমেন্ট। তার বদলে টিম সাইফার্ট কে সুযোগ দেওয়া হতে পারে। কলকাতা শিবিরের কাছে আরও একটা খারাপ খবর মাথিসা পাথিরানা এখনো খেলার মত জায়গায় আসেননি। এখনো দুটি ম্যাচ তাকে অপেক্ষা করতে হবে। আরো একটি বিষয় কলকাতা টিম ম্যানেজমেন্ট যে দুজন ভারতীয় ক্রিকেটারের ওপর বেশি ভরসা করে সেই রিংকু সিং ও রামন্দীপ সিং এখনো এবারের আইপিএল এ ছন্দ খুঁজে পাননি । কলকাতার বোলিংয়ে দিকে দেখতে গেলে সুনীল নারিন ক্রমশ তার ছন্দে ফিরে আসছেন। বৈভব অরোরা উইকেট নিলেও তিনি অনেক রান খরচ করে ফেলছেন যেটা দলকে চিন্তায় রাখছে । তবে কার্তিক ত্যাগী ভালো বোলিং করছেন । আর দলের অন্যতম প্রধান স্পিনার বরুণ চক্রবর্তী যিনি এখনো নিজের ছন্দ খুঁজে বেড়াচ্ছেন টুর্নামেন্টে যদি নক আউট পর্বে যোগ্যতা অর্জন করতে হয় দলকে তাহলে বরুনের ফর্মে ফেরা অত্যন্ত জরুরী ।
অপরদিকে গুজরাট টাইটান্স এর কথা বলতে গেলে তাদের অধিনায়ক শুভমন গিল ব্যাট হাতে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন যা অন্যতম ইতিবাচক দিক তাদের দলের জন্য । সাই সুদর্শন ফর্মে ফিরে আসলে গুজরাটের ওপেনিং জুটি আরো ভয়ানক হয়ে উঠবে। জস বাটলার রান পেতে শুরু করেছেন যা দলকে স্বস্তি দিচ্ছে । বল হাতেও প্রতি ম্যাচে উইকেট পাচ্ছেন রশিদ খান ও প্রসিদ্ধ কৃষ্ণা । কলকাতার বিরুদ্ধে ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে ।
পরিস্থিতি এমনই আরেকটি ম্যাচ হারলে নাইট রাইডার্স এর কাছে গোটা টুর্নামেন্ট ডু অর ডাই হয়ে যাবে। সে ক্ষেত্রে প্রত্যেকটি ম্যাচে জয় পাওয়া ছাড়া আর কোন রাস্তা থাকবে না। সেই কারণে আজ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া কিং খানের কলকাতা ।
