আজকের দিনেবাংলার আয়না

সপ্তম পে কমিশন থেকে অনুপ্রবেশকারী বিতাড়ন, বঙ্গে ৬টি গ্যারান্টি প্রধানমন্ত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,হলদিয়া: বিধানসভা নির্বাচনের পারদ চড়িয়ে হলদিয়ার জনসভা থেকে রাজ্যবাসীর জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্নীতি, নারী সুরক্ষা এবং সরকারি কর্মচারীদের ক্ষোভকে হাতিয়ার করে এদিন একযোগে ছ’টি ‘গ্যারান্টি’ দিলেন তিনি। তাঁর সাফ বার্তা, “বাংলায় বিজেপি সরকার গড়লেই আমূল পরিবর্তন আসবে প্রশাসনিক ও সামাজিক ব্যবস্থায়।”

এদিন হলদিয়ার মঞ্চ থেকে রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বড় চমক দেন প্রধানমন্ত্রী। তিনি গ্যারান্টি দিয়ে বলেন, “বিজেপি সরকার গঠনের পরই সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠন করা হবে। সকল সরকারি কর্মচারী পদ্মফুলে ভোট দিন।” দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ (DA) ও পে কমিশন নিয়ে রাজ্যে যে অসন্তোষ রয়েছে, মোদির এই ঘোষণা তাকেই উসকে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে মোদি জানান, শরণার্থী ও অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে তাঁর সরকার কঠোর নীতি নেবে। তিনি বলেন, “সংবিধান অনুযায়ী শরণার্থীরা এ দেশে আশ্রয় ও সাহায্য পাবেন। তবে অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশছাড়া করা হবে।” রাজ্যের নারী সুরক্ষা এবং শাসকদলের নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে আক্রমণাত্মক মেজাজে ছিলেন প্রধানমন্ত্রী। তাঁর দেওয়া বাকি গ্যারান্টিগুলি হলো:

  • ধর্ষণের তদন্ত: রাজ্যে নারীদের ওপর হওয়া অত্যাচার ও ধর্ষণের সমস্ত ধামাচাপা পড়া ফাইল পুনরায় খোলা হবে।

  • দুর্নীতিগ্রস্তদের জেল: নেতা বা মন্ত্রী, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কাউকেই রেয়াত করা হবে না। আইন অনুযায়ী সবাইকে জেলে পাঠানো হবে।

  • ভয়ের পরিবেশ মুক্তি: তৃণমূলের তৈরি করা ‘ভয়ের পরিবেশ’ বদলে রাজ্যে আইনের শাসন ও ভরসার বাতাবরণ প্রতিষ্ঠিত হবে।

  • জবাবদিহি: সরকারি ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি করতে বাধ্য করা হবে।

নির্বাচন ঘোষণার পর দ্বিতীয়বার বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী এদিন পরিষ্কার করে দিলেন যে, তাঁর প্রচারের মূল অভিমুখ হবে দুর্নীতি এবং কর্মসংস্থান। হলদিয়ার পর আসানসোল ও সিউড়িতেও তাঁর সভা রয়েছে। তবে প্রথম সভা থেকেই সপ্তম পে কমিশন এবং অনুপ্রবেশ ইস্যুতে মোদি যে ‘গ্যারান্টি’ কার্ড খেললেন, তা তৃণমূলের ওপর বড়সড় চাপ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *