আজকের দিনেতিলোত্তমা

ফিরহাদের গড়ে বিজেপির বাজি জেলমুক্ত রাকেশ সিং, কলকাতা বন্দর কেন্দ্রে প্রার্থী ঘোষণা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: যাবতীয় জল্পনার অবসান। প্রত্যাশা মতোই কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হল সদ্য জেলমুক্ত নেতা রাকেশ সিংয়ের  নাম। বুধবার বিজেপির ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশিত হয়, আর তাতেই কলকাতা বন্দরে রাজ্যের মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের  বিরুদ্ধে রাকেশকে প্রার্থী করল বঙ্গ বিজেপি।

 গত মঙ্গলবারই জেল থেকে মুক্তি পেয়েছেন রাকেশ সিং। আর বুধবার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই পুরোদমে ভোটের ময়দানে নেমে পড়েছেন তিনি। এদিন সকাল থেকেই কলকাতা বন্দর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জনসংযোগ এবং গৃহসংযোগ কর্মসূচি শুরু করে দিয়েছেন এই বিজেপি নেতা।

মৌলালিতে প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুর এবং রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছিল রাকেশ সিংয়ের। অভিযোগ ছিল, বিহারে রাহুল গান্ধীর মিছিল থেকে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদেই কলকাতায় কংগ্রেস দপ্তরে এই হামলা চালানো হয়। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রাকেশ। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে গত বছরের সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাকেশের পাশাপাশি তাঁর একাধিক অনুগামী এবং ছেলে শিবম সিংকেও পুলিশ গ্রেপ্তার করেছিল। শিবম পরে জামিন পেলেও, তখন রাকেশের জামিন মঞ্জুর হয়নি।

 বিধানসভা ভোটের ঠিক মুখেই আইনি স্বস্তি ফেরে রাকেশ সিংয়ের। গত ৬ এপ্রিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই বিজেপি নেতার জামিন মঞ্জুর করে। এরপর মঙ্গলবার জেল থেকে ছাড়া পান তিনি।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনেও কলকাতা বন্দর কেন্দ্র থেকে তাঁর প্রার্থী হওয়ার জোর জল্পনা ছিল। কিন্তু সেই সময় পুলিশের হাতে গ্রেপ্তার থাকায় তাঁর আর প্রার্থী হওয়া হয়ে ওঠেনি। এবার জেল থেকে বেরোতেই তাঁকে ফিরহাদ হাকিমের গড় হিসেবে পরিচিত কলকাতা বন্দরে প্রার্থী করে শাসকদলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *