আজকের দিনেভারত

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,দিল্লি: ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হলো বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। মঙ্গলবার রাতে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হওয়ায় তাঁকে তড়িঘড়ি দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৭৯ বছর বয়সী প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর বুকে সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার রাতে যখন তাঁকে হাসপাতালে আনা হয়, তখন তাঁর সঙ্গে ছিলেন পুত্র তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। যদিও অন্য একটি সূত্র দাবি করেছে, এটি তাঁর রুটিন চেকআপের অংশ, তবে শ্বাসকষ্টের সমস্যার কথা সংবাদমাধ্যম সূত্রে জোরালোভাবে উঠে আসছে। গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। চিকিৎসকদের মতে, দু’বার কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর ফুসফুসে কিছু জটিলতা তৈরি হয়েছে।  গত বছর হিমাচল প্রদেশের শিমলায় প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে ছুটি কাটাতে গিয়েও তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। সেবার তাঁকে শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে ভর্তি করতে হয়েছিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সংসদীয় রাজনীতিতে তাঁকে সক্রিয় দেখা গিয়েছে। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন, যদিও দলীয় সংগঠনের দৈনন্দিন কাজ থেকে নিজেকে কিছুটা দূরেই রেখেছেন। ডিসেম্বরেই ৭৯ বছরে পা দিয়েছেন সোনিয়া। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক হেলথ বুলেটিন প্রকাশ করা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, সংক্রমণের মাত্রা বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *