বাদশার ‘টাটিরি’ গান নিষিদ্ধ করতে হরিয়ানা পুলিশের কড়া পদক্ষেপ
কিউ ইন্ডিয়া বাংলা, হরিয়ানাঃ- বিতর্ক যেন পিছু ছাড়ছে না জনপ্রিয় র্যাপার বাদশার। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত হরিয়ানভি গান ‘টাটিরি’-কে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি জটিলতা এবার আরও ঘনীভূত হলো। গানে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন এবং স্কুলছাত্রীদের আপত্তিকরভাবে দেখানোর অভিযোগে বাদশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে হরিয়ানা পুলিশ।
১লা মার্চ মুক্তি পাওয়া ‘টাটিরি’ গানের ভিডিওতে স্কুলছাত্রীদের ইউনিফর্ম পরে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায়। গানে যৌন ইঙ্গিতমূলক শব্দ এবং নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ তুলেছে শ্রোতামহল ও হরিয়ানা মহিলা কমিশন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অপর্ণা যাদবের নিষেধাজ্ঞার চিঠির পর এবার সক্রিয় হলো হরিয়ানা পুলিশ। সোশ্যাল মিডিয়া থেকে মুছল ৮০০-র বেশি ভিডিও
হরিয়ানা পুলিশের ডিজিপি অজয় সিংঘল স্পষ্ট জানিয়েছেন যে, নারী ও নাবালিকাদের অসম্মান করার ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করছেন। ইতিমধ্যেই পঞ্চকুলা পুলিশের সাইবার ক্রাইম শাখার তৎপরতায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকে গানটির প্রচার বন্ধ করা হয়েছে।
প্ল্যাটফর্ম মুছে ফেলা কন্টেন্টের সংখ্যা
ইউটিউব ১৫৪টি ভিডিও
ইনস্টাগ্রাম ৭০৩টি রিল
মোট ৮৫৭টি কন্টেন্ট
পঞ্চকুলার সেক্টর ২০-র সাইবার ক্রাইম শাখায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়েছে, এই ধরনের গান বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা দিচ্ছে এবং সামাজিক অবক্ষয় ত্বরান্বিত করছে। পুলিশ জানিয়েছে, কাউকে রেয়াত করা হবে না এবং এই ধরণের কন্টেন্ট নজরদারিতে রাখা হচ্ছে।
”কাউকে রেয়াত করা হবে না। নারী ও নাবালিকাদের মর্যাদা রক্ষায় আমরা বদ্ধপরিকর।” > — অজয় সিংঘল, ডিজিপি, হরিয়ানা পুলিশ
