লোডশেডিং করে দিতে পারে’, দলীয় কর্মীদের সতর্ক করলেন মমতা
কিউ ইন্ডিয়া বাংলা:- ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। ভোটপর্বেই নয় শুধু, ভোট মিটে যাওয়ার পরও সতর্ক থাকতে হবে বলে জানিয়ে দিলেন। মমতা জানালেন, ভোট মিটে গেলেই বাড়ি চলে যাওয়া যাবে না। ফের লোডশেডিং হতে পারে বলেও গতকালের কর্মীসভায় মন্তব্য করেন মমতা।
আজ সোমবার থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন মমতা। আবারও ভবানীপুরেই প্রার্থী হয়েছেন তিনি। তার আগে গতকাল রবিবার চেতলায় কর্মীসভায় যোগ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে দলের শীর্ষ নেতানেত্রী সকলেই উপস্থিত ছিলেন এদিনের সভায়। সেখানে ভবানীপুর নিয়ে বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি, ভোট পরবর্তী সময়ে সতর্ক থাকতে বলেন সকল কর্মীদের।
এদিনের সভায় মমতাকে বলতে শোনা যায়, “ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। স্ট্রং রুমে লোড শেডিং করে দিতে পারে। বিশেষ নজর রাখতে হবে।” ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ১৯৫৬ ভোটে পরাজিত হন মমতা। লোডশেডিং করে মমতাকে হারানো হয়েছে বলে অভিযোগ ওঠে সেই সময় নন্দীগ্রামে আলো নিভিয়ে তাঁকে হারানো হয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দাবি করেছিলেন। সেই নিয়ে মামলাও দায়ের হয় আদালতে। সেকথা মাথায় রেখেই মমতা এই মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিগত ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দুর লড়াই দেখেছিলেন রাজ্যবাসী। এবারে ভবানীপুরেও মুখোমুখি মমতা-শুভেন্দু। রাজ্যের বিধানসভা নির্বাচনে সব থেকে উল্লেখযোগ্য কেন্দ্র ভবানীপুর। কারণ এই আসনে পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিদায়ী মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা।
