ভোটার তালিকায় নাম নেই? বিচার করবেন ১৯ জন প্রাক্তন বিচারপতি; সোমবারই প্রথম অতিরিক্ত তালিকা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: জল্পনার অবসান। আগামী সোমবার, ২৩ মার্চ রাজ্য নির্বাচন কমিশন প্রকাশ করতে চলেছে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা। মূলত এসআইআরে বিচারাধীন ভোটারদের নাম নিষ্পত্তির পর এই তালিকা জনসমক্ষে আসবে। উল্লেখ্য, এই তালিকা প্রকাশের ঠিক একমাস পরেই, অর্থাৎ ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। কমিশন সূত্রে খবর, প্রতি শুক্রবার নতুন করে অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুক্রবারই দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
মোট বিচারাধীন ভোটার: প্রায় ৬০ লক্ষ।
নিষ্পত্তি হওয়া নাম: ২৭ লক্ষ ২৩ হাজার (যাঁদের নাম সোমবারের তালিকায় থাকবে)।
বাকি ভোটার: প্রায় ৩৩ লক্ষ জনের নাম পর্যায়ক্রমে খতিয়ে দেখে পরবর্তী তালিকায় যুক্ত করা হবে।
ঐতিহাসিক পদক্ষেপ: ১৯ জন বিচারপতির বিশেষ ট্রাইব্যুনাল
ভোটার তালিকায় নাম বাদ পড়া বা তোলা নিয়ে যাতে কোনও বিতর্ক না থাকে, তার জন্য নজিরবিহীন পদক্ষেপ করেছে কমিশন। ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালে থাকছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ আরও বিশিষ্ট আইনজ্ঞরা। যদি কারও নাম অতিরিক্ত তালিকায় না থাকে বা অন্যায়ভাবে কেটে দেওয়া হয়, তবে সরাসরি এই ট্রাইব্যুনালে আপিল করা যাবে।
কীভাবে আবেদন করবেন?
যাঁদের নাম তালিকায় নেই, তাঁরা আগামী সোমবারের পর থেকে দুই পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
অনলাইন: ‘ECI NET’ মোবাইল অ্যাপ অথবা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
অফলাইন: সংশ্লিষ্ট জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে গিয়ে আবেদন জানানো যাবে। এই ট্রাইব্যুনাল এখন থেকেই কাজ শুরু করবে এবং সমস্ত আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে এর কার্যকাল শেষ হবে।
