ইস্তেহার প্রকাশের আগে মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: লোকসভা ভোটের দামামা বাজতেই তপ্ত বাংলার রাজনীতি। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে প্রশাসনিক ও পুলিশ স্তরে একের পর এক রদবদল নিয়ে এবার সরাসরি নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বাসভবন থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশের আগে বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “রাজ্যে অঘোষিত নয়, বরং ঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে।”
রাজ্যের একাধিক শীর্ষ আইএএস ও আইপিএস অফিসারদের বদলি এবং তাঁদের ভিনরাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানো নিয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, খাদ্য ও পঞ্চায়েত দপ্তরের সচিবদের সরিয়ে দেওয়ায় রেশন বণ্টন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমস্যা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমাদের রাজ্যে যখন ভোট, তখন এখান থেকে অফিসারদের অন্যত্র নিয়ে যাওয়ার কী অর্থ? আপনারা চান বাংলা ভেঙে পড়ুক।”
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘দুই ভাই’ সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, তাঁরা ক্ষমতার অপব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করছেন। তাঁর দাবি, বিজেপি চায় না বাংলা রাজ্য হিসেবে টিকে থাকুক, তাই ভোটের পর আসন পুনর্বিন্যাসের মাধ্যমে চক্রান্ত করা হচ্ছে। ”বিজেপিকে শিক্ষা দিন। ওদের টাকার প্রলোভনে পা দেবেন না, ওটা চুরির টাকা। সীমান্ত দিয়ে টাকা, মাফিয়া আর অস্ত্র ঢুকছে বাংলায়।” — মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন জনতাকে সতর্ক করে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপির “স্বৈরাচারী মনোভাব” মানুষকে সর্বস্বান্ত করছে। দাঙ্গা ও বিভেদের রাজনীতি রুখতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। ইদের পর তিনি পুরোদমে নির্বাচনী প্রচারে নামবেন বলে জানিয়ে হুঙ্কার দেন, “পথে দেখা হবে, বাংলা মাথা নত করবে না।”
