বীরভূমে ভোটের আগে উদ্ধার প্রচুর পরিমাণ বিস্ফোরক
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্য ইতিমধ্যে নির্বাচনের দামামা বেজে গেছে। শাসক থেকে বিরোধী সব পক্ষের প্রার্থী তালিকা বেশিরভাগটাই ঘোষণা করা হয়ে গেছে। এই আবহে বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক। স্থানীয় গ্রামবাসীরা বিস্ফোরক বোঝাই ট্র্যাক্টরকে পাকড়াও করেন বলে খবর ।
সূত্রের খবর বীরভূমের নলহাটি থানার কাদাসির গ্রামে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয় । জানা গেছে ট্র্যাক্টরে করে এগুলিকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা যখন এই গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর টিকে যেতে দেখেন তখন তাদের সন্দেহ হয় । এবং তারাই বিস্ফোরক বোঝাই ট্রাক্টরটিকে আটকান । পরিস্থিতির বেগতিক দেখে পালিয়ে যান ট্রাক্টরের চালক । গ্রামবাসীরা পুলিশে খবর দেন । খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ট্রাক্টর টি থেকে উদ্ধার হয় ১০ হাজার পিস জিলেটিন স্টিক এবং ৩৬০ পিস ডিটোনেটর । ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর । ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাংলায় এসে হিংসাবিহীন এবং অবাধ নির্বাচনের বার্তা দিয়ে গিয়েছিলেন। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে টহলদারি শুরু করেছে। এই পরিস্থিতির মাঝেই বিপুল পরিমাণে এই বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট শোরগোল সৃষ্টি হয়েছে । প্রশ্ন উঠছে এই বিপুল পরিমাণ বিস্ফোরক কি নির্বাচনে হিংসা ছড়ানোর কাজে ব্যবহার হতো ?
