বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই আলিপুরদুয়ারে কোন্দল
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের ১৪৪ টি বিধানসভা আসনে গতকাল ১৬ ই মার্চ বিজেপির প্রার্থী ঘোষণা করা হয় । আলিপুরদুয়ার কেন্দ্রে প্রার্থী হিসেবে দেখা যায় পরিতোষ দাসের নাম । তারপরেই আলিপুরদুয়ারে বিজেপির জেলা পার্টি অফিসে বিক্ষোভ এবং ভাঙচুর চালালেন বিজেপি কর্মীদের একাংশ। ভাঙ্গা হয়েছে সিসিটিভি ক্যামেরা এমনকি আগুন ধরানো হয়েছে । বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের বিজেপি নেতৃত্ব এখনো প্রকাশ্যে কোন মন্তব্য করেনি ।
প্রসঙ্গত ২০২১ বিধানসভা নির্বাচনে সুমন কাঞ্জিলালকে আলিপুরদুয়ার থেকে প্রার্থী করা হয়েছিল । তৃণমূলের সৌরভ চক্রবর্তীকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন সুমন। কিন্তু পরবর্তীকালে তিনি গেরুয়া শিবির ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছিলেন । দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন সেই সময় । এবারে ২০২৬ বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে পরিতোষ দাসের নাম ঘোষণা হওয়ার পরেই বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীদের একাংশ । জেলা কার্যালয়ে রীতিমতো ভাঙচুর চালানো হয় বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের পক্ষ থেকে । কর্মীদের একাংশের অভিযোগ টাকার বিনিময়ে তাকে প্রার্থী করা হয়েছে। অবিলম্বে এই আসনে বিজেপির প্রার্থী বদল করতে হবে। গতকাল সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলা কার্যালয়ের সামনে কর্মীদের একাংশ জমায়েত করে এই দাবি করেন ।
বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের পক্ষ বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে তারা কাকে চান এমন কোন নামের কথা যদিও এখনো জানা যায়নি । রাজ্যের বেশিরভাগ বিজেপির বিধায়ক এবারেও টিকিট পেয়েছেন । আলিপুরদুয়ার ছাড়া এখনো অব্দি কোন কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে বিক্ষোভের ঘটনা সামনে আসেনি ।
