আমেরিকায় তেল শোধনাগার গড়ছে আম্বানির রিলায়েন্স, ঘোষণা ট্রাম্পের
কিউ ইন্ডিয়া বাংলা,ওয়াশিংটন: বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে বড়সড় ধামাকা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৫০ বছরের খরা কাটিয়ে আমেরিকায় তৈরি হতে চলেছে প্রথম নতুন তেল শোধনাগার, আর এই মেগা প্রকল্পের কারিগর ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। টেক্সাসের ব্রাউনসভিলে এই অত্যাধুনিক শোধনাগারটি নির্মিত হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
প্রকল্পটির ঘোষণা করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমেরিকা এবার প্রকৃত শক্তির আধিপত্যে ফিরে আসছে। আমেরিকা সবচেয়ে আগে, সব সময়!” তিনি এই বিপুল বিনিয়োগের জন্য ভারতের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা রিলায়েন্সকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের দাবি, এই শোধনাগারটি হবে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শোধনাগার, যা থেকে আমেরিকার লক্ষ লক্ষ ডলার মুনাফা হবে।
বর্তমানে ইরান-ইজরায়েল সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা তুঙ্গে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের ট্যাঙ্কার চলাচল থমকে গেছে, ফলে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এমন এক সংকটময় মুহূর্তে আমেরিকার নিজের মাটিতে এই শোধনাগার নির্মাণের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
এই ঘোষণা আবারও প্রমাণ করল মুকেশ আম্বানির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্কের গভীরতা। গত বছর কাতারে তাঁদের সাক্ষাৎ এবং ভেনেজুয়েলা থেকে তেল আমদানির বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে রিলায়েন্সের যোগাযোগ—সব মিলিয়ে এই প্রকল্পটি ভারত ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে দিল।
