Cricket-India : ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত ……
কিউ ইন্ডিয়া বাংলা :- পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারত । সেমিফাইনালে হাই স্কোরিং ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত । ২৫৩ রান তুলে ও ম্যাচ প্রায় খুইয়ে বসছিল সূর্যবাহিনী । ইংল্যান্ডকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন জ্যাকব বেথেল । নিজের ক্রিকেট জীবনের সেরা ইনিংস খেলে গেলেন তিনি। ৪৮ বলে ১০৫ রান করে সাজঘরে ফিরে যান এই ইংরেজ ব্যাটার। শেষমেষ ৭ রানে ম্যাচ জিতে নেয় সূর্যবাহিনী ।
আজকের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। আজকের ম্যাচেও ব্যর্থ হন টি-টোয়েন্টি র্যাংকিং এর শীর্ষ স্থান অধিকারী ব্যাটার অভিষেক শর্মা। তবে গত মাসের মত আজকেও ভারতের ত্রাতা হয়ে দাঁড়ান সেই সঞ্জু স্যামসন। তিনি দলের হয়ে ৪২ বলে ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন । সঞ্জুকে যোগ্য সঙ্গত করেন ঈশান কিশান ও শিবম দুবে। ওয়াংখেড়েতে ঈশান ৩৯, শিবম দূরে ৪৩ এবং হার্দিক পান্ডিয়া ২৭ এবং শেষের দিকে তিলক বর্মা সাত বলে ২১ রানের কার্যকরী ইনিংস খেলেন ভারতের জন্য । নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলে ফেলে ভারত।
রেকর্ড পরিমাণ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটার ভালো খেলতে পারেননি। ইংরেজদের হয়ে ব্যাটিংয়ের হাল ধরেন জ্যাকব বেথেল । তার ৪৮ বলে ১০৫ রানের ইনিংস ইংল্যান্ডকে শেষ পর্যন্ত ম্যাচে বাঁচিয়ে রেখেছিল । বেথেল ছাড়া ব্রিটিশদের দ্বিতীয় সফল ব্যাটসম্যান উইল জ্যাকস আজকের এই ম্যাচে তার সংগ্রহ ২০ বলে ৩৫ রান। সেমিফাইনালের মত কঠিন স্টেজে উইকেট পড়তে থাকলেও ইংরেজদের রান তোলার গতি থামেনি । ভারতীয় বোলাররা অসহায় ভাবে আত্মসমর্পণ করেন সেই জ্যাকব বেথেলের কাছে । জসপ্রিত বুমরা এবং হার্দিক পান্ডিয়া ছাড়া সব বোলারদের ইকোনোমি ছিল ১০ এর ওপরে । বরুণ চক্রবর্তী তো নিজের চার ওভারে ৬৪ রান খরচ করে ফেলেন । যা তার ক্রিকেট ক্যারিয়ারে সর্বোচ্চ । শেষমেষ ২০ ওভারে ২৪৬ রান তোলে ইংল্যান্ড। সাত রানের ব্যবধানে ম্যাচ হেরে যায় তারা। আজকের এই ম্যাচে যার কথা না বললেই নয় তিনি অক্ষর প্যাটেল। তার দুর্দান্ত ফিল্ডিং ভারতের দখলে ম্যাচটি আনতে সহযোগিতা করে ।
সেমিফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সঞ্জু স্যামসন । মাঝখানে আর মাত্র দুটি দিন । আগামী রবিবার ৮ই মার্চ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত।
