আজকের দিনেতিলোত্তমারাজনীতি

১৪ মার্চ ব্রিগেডে মোদির সভা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর সেই মহারণের মহড়া দিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখতে চলেছেন কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তবে পূর্বনির্ধারিত সূচিতে কিছুটা রদবদল ঘটিয়ে ১৫ মার্চের বদলে আগামী ১৪ মার্চ (শনিবার) ব্রিগেড সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

​রাজ্য বিজেপি সূত্রে খবর, মূলত সাংগঠনিক সুবিধা এবং জমায়েতের ভিড় সামাল দেওয়ার রণকৌশল হিসেবেই একদিন এগিয়ে আনা হয়েছে এই সমাবেশকে। ১৪ তারিখ শনিবার হওয়ায় অফিস-কাছারির ভিড় কিছুটা কম থাকবে, ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের যাতায়াতে সুবিধা হবে। প্রধানমন্ত্রীর এই মেগা সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই কলকাতায় সাজ সাজ রব।

​বিজেপি চলতি মাসের ১ তারিখ থেকে রাজ্যজুড়ে যে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে, ১৪ মার্চের ব্রিগেড সমাবেশ আসলে সেই যাত্রারই আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠান। রাজ্যের মোট ৯টি সাংগঠনিক বিভাগ দিয়ে এই রথগুলি পরিক্রমা করছে। তৃণমূল সরকারের দুর্নীতির খতিয়ান তুলে ধরা এবং কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যের প্রচার। আগামী ১০ মার্চের মধ্যে রাজ্যের প্রতিটি কোণ ঘুরে সমস্ত রথ কলকাতায় এসে পৌঁছাবে। এরপর ১৪ তারিখ মোদীর উপস্থিতিতে সেই সংকল্প যাত্রার সমাপ্তি ঘটবে।

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র মারফত জানা গিয়েছে, এই মাসেই বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হতে পারে। মোদীর সভার পরেই এই প্রক্রিয়ায় গতি আসবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে বিজেপির শক্ত ঘাঁটি ধরে রাখার পাশাপাশি এবার দক্ষিণবঙ্গের গাঙ্গেয় জেলাগুলিতে থাবা বসানোই মোদীর সভার মূল লক্ষ্য। ১৪ তারিখের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকতে পারেন রাজনাথ সিং, নীতিন গড়কড়ি এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির মতো হেভিওয়েট নেতারা।

​রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্রিগেড সমাবেশ হবে এযাবৎকালের অন্যতম বৃহত্তম জমায়েত। কর্মীরা যাতে ট্রেন ও বাসে করে সঠিক সময়ে পৌঁছাতে পারেন, তার জন্য আলাদা টিম গঠন করা হয়েছে। জেলা থেকে আসা কর্মীদের থাকার জন্য কলকাতার বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প তৈরির কাজও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *