বিজেপির পরিবর্তন যাত্রার রথে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
কিউ ইন্ডিয়া বাংলা :- নির্বাচনের আগে জনসংযোগের জন্য রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি। এবার সেই পরিবর্তন যাত্রা রথের ওপর হামলার অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর কোচবিহার জেলার মহিষবাথানে বিজেপির রথের ওপর ভাঙচুর চালানো হয়। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পুন্ডিবাড়ীতে পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনায় ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে । তবে ঘটনার দায় অস্বীকার করেছে শাসক তৃণমূল
প্রসঙ্গত গত রবিবার কোচবিহারের রাসমেলা মাঠে বিজেপির পরিবর্তন যাত্রা সূচনা করেছিলেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন । আজ বৃহস্পতিবার ৫ মার্চ শীতলকুচিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রসাদের সভা থেকে তা পুরোদমে চালু হওয়ার কথা ছিল। সেই কারণেই কোচবিহারের জেলা কার্যালয় থেকে নিয়ে যাওয়া হচ্ছিল পুন্ডিবাড়ি। পরিকল্পনা ছিল রাতের বেলা রথ সেখানে রেখে সকালে শীতলকুচি নিয়ে যাওয়া হবে। সেই মতোই বিজেপির কর্মী সমর্থকরা রথটিকে পুন্ডিবাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মহিষ বাথানের কাছে রথ আটকায় একদল দুষ্কৃতী । আচমকাই গাড়ি থেকে সাত আট জন নেমে বিজেপির রথের ওপর হামলা চালায় । ব্যাপকভাবে ভাঙচুর করা হয় রথটিকে । ঘটনার প্রতিবাদে পুন্ডিবাড়ীতে পথ অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা । তবে পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয় । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় । সূত্রের খবর ভাঙচুর করা রথ টিকে কোচবিহার জেলা কার্যালয় পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।
এই ঘটনায় সরাসরি রাজ্যে শাসকদলের দিকে আঙ্গুল তুলেছেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় । তৃণমূল নেতা সায়নদ্বীপ গোস্বামীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি । তবে বিজেপি বিধায়কের করা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক । তার দাবি বিধানসভা ভোটের আগে এসআইআর করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে বিজেপি তার থেকে নজর ঘোরাতে এই ধরনের নাটক করছে তারা। তবে এতে বিশেষ কিছু লাভ হবে না ।
