Nitish Kumar-Bihar : বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে পারেন নীতিশ কুমার, তাহলে কি রাজ্যসভার পথে ?
কিউ ইন্ডিয়া বাংলা :- বিহারের রাজনীতিতে বড় একটি খবর উঠে এসেছে । মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন জেডিইউ প্রধান নীতিশ কুমার । সূত্রের খবর বিহার থেকে
রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন জমা দিতে চলেছেন তিনি । তাহলে বিহারের মুখ্যমন্ত্রীর কুরসীতে কে ? জল্পনায় উঠে আসছে নীতিশ কুমার এর একমাত্র পুত্র নিশান্ত কুমারের নাম। তবে এই বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল জেডিইউ । দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার । জানা গিয়েছে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তিনি সেভাবে ধকল নিতে পারছিলেন না সেই কারণেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে তিনি রাজ্যসভায় যাবেন। আগামীকালই রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার জন্য শেষ দিন । সে ক্ষেত্রে কালকেই চূড়ান্ত হয়ে যাবে নীতিশ কুমার রাজ্যসভায় যাচ্ছেন কিনা ? এমনটা হলে উপমুখ্যমন্ত্রী হতে পারেন তার ছেলে নিশান্ত কুমার। এমনকি বিজেপির দখলেও যেতে পারে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ।সম্প্রতি জনতা দল ইউনাইটেড এ যোগ দিয়েছেন নীতিশ পুত্র নিশান্ত কুমার । বিহারের রাজনীতিতে বরাবরই উঠে এসেছে পরিবারতন্ত্রের অভিযোগ । এতদিন অবশ্য সেই পথ থেকে বিরত ছিলেন নীতিশ । বাবা দশবারের মুখ্যমন্ত্রী হলেও রাজনীতির দিকে ঝোঁকেননি পুত্র নিশান্ত । সব সময় প্রচারের আলো থেকে দূরে ছিলেন তিনি । সংবাদমাধ্যম থেকেও অনেক দূরে ছিলেন এই হেভিওয়েট রাজনীতিবিদের পুত্র । কিন্তু এবার যে জল্পনা উঠে এসেছে সেটা সত্যি হলে বিহারের অন্যান্য রাজনৈতিক দলের মতোই বাবার উত্তরাধিকারী হিসেবে প্রশাসনে আগমন হবে নীতিশ পুত্র নিশান্তের ।
আরো এক সূত্রের খবর , JDU-র নেতাদের একটা বড় অংশ চাইছে, নীতীশ কুমার যেন রাজ্যসভায় না যান। তাঁদের দাবি, নীতীশের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়া উচিত। এবার শেষমেষ কী হবে তা আগামীকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।
