ইডেনে আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা – নিউজিল্যান্ড
কিউ ইন্ডিয়া বাংলা: – টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে । আজ ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। খেলা শুরু ভারতীয় সময় সাতটা থেকে।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো অবধি অপরাজিত দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ও সুপার এইট পর্বের সমস্ত ম্যাচ জিতে সেমিফাইনালে নামছেন এডেন মার্করামরা । রবিবার সুপার এইটের শেষ ম্যাচে জ়িম্বাবোয়েকে ৫ উইকেটে হারিয়েছিলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকার শিবির এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী। কলকাতার ইডেনে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী তারা। প্রোটিয়া বাহিনীর কোচ কনরাডের কথায় সে কথা স্পষ্ট। কুইন্টন ডি কক বাদে সকালে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ডেভিড মিলার, ডিওয়ার্ল্ড ব্রেভিস সকলেই রানের মধ্যে আছেন। ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তা নেই প্রোটিয়া শিবিরে ।
অপরদিকে নিউজিল্যান্ড শিবির চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে ৭ ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচে জয় পেয়েছে। দুটি ম্যাচে হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। গ্রুপ পর্বেই মুখোমুখি হয়েছিল সেমিফাইনালের দুই প্রতিপক্ষ। সেই ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিউই ওপেনাররা ভালো ফর্মে আছেন। সেমিফাইনাল ম্যাচের আগে অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন ” আমার মনে হয় আমাদেরকে আন্ডারডগ বলা হচ্ছে কি সেটা নিয়ে আমরা ভাবিত নই। আমার মনে হয় আমাদের জন্য, পুরো টুর্নামেন্ট জুড়ে সবার লক্ষ্য হলো উপরে ওঠা। আমরা এখন এখানে আছি এবং বেশিরভাগ দলের বিরুদ্ধে এককালীন খেলায় আমরা নিজেদেরকে সমর্থন করি, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সামনে যা আছে তার সাথে খাপ খাইয়ে নিতে পারি” । অধিনায়কের কথায় স্পষ্ট নিউজিল্যান্ড সেমিফাইনালের জন্য পুরোপুরি তৈরি । কিউই পেসার ম্যাট হেনরি সদ্য জন্ম নেওয়া সন্তানকে দেখতে দেশে ফিরে গিয়েছেন। কিউই কোচ ওয়াল্টার এই বিষয়ে বলেন হেনরির বদলে জ্যাকব ডাফি অথবা কাইল জেমিসনকে খেলানো হতে পারে ।
বিশ্বকাপের নক আউট পর্বে নিউজিল্যান্ড , দক্ষিণ আফ্রিকা দুই দেশ চোকার্স বলে পরিচিত। এবার দেখার অপেক্ষায় কালকে ইডেনে কারা জয় পেয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠে ?
