মোহনবাগানকে কঠিন শাস্তি ফেডারেশনের
কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইএসএলে পরপর তিনটি ম্যাচে জয় পেয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহনবাগান। পরবর্তী ম্যাচ ৬ মার্চ ওড়িশা এফ সি এর বিরুদ্ধে । কিন্তু এই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করতে হবে নির্দেশ ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে দর্শকদের নিয়ম বিরুদ্ধে আচরণের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ।
প্রসঙ্গত গত ২৩ শে ফেব্রুয়ারি কেরালার বিরুদ্ধে যুবভারতী স্টেডিয়ামে দর্শকরা আতশবাজি ফাটিয়েছিলেন। যে কারণে ফেডারেশন এর পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক জরিমানা এবং ওড়িশা এফ সি বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচটি ক্লোজ ডোর করার নির্দেশ দিয়েছে ফেডারেশন । মোহনবাগান ক্লাব এর পক্ষ থেকে আর্থিক জরিমানার বিষয়টি মেনে নিলেও দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে । ক্লাবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানালেও ফেডারেশন গ্রাহ্য করেনি।মোহনবাগান ক্লাব এর পক্ষ থেকে বলা হয়েছে ” ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তে আমরা খুবই হতাশ । আমাদের ক্লাবের যারা হৃৎস্পন্দন, সেই হাজার হাজার আবেগি সমর্থকদের জন্য এটা অন্যায্য শাস্তি । সমর্থকদের স্বার্থে আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেও তা গৃহীত হয়নি। ফুটবল দর্শকদের জন্য তাদের এর থেকে আর ও ভালো কিছু প্রাপ্য ” ।
ওড়িশা এফসির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচের এখনো তিনদিন বাকি আছে । এরই মধ্যে ফেডারেশন দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কিনা সেটাই দেখার। সেদিকেই তাকিয়ে আছে মোহনবাগানের আপামর সমর্থকরা।
