জন্মদিনের পরেই হাসপাতালে পরিচালক সঞ্জয় লীলা বনশালি ?
কিউ ইন্ডিয়া বাংলা:- হৃদরোগে আক্রান্ত হন বলিউডের নামী পরিচালক সঞ্জয় লীলা বনশালি। সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় এই খবর। পরিচালক এর বর্তমান শারীরিক অবস্থা জানতে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরাও। পরিচালকের পরিবারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে হাসপাতালে নন, বাড়িতেই রয়েছেন তিনি । এবং আগের থেকে সঞ্জয় এখন অনেকটাই সুস্থ বলেও জানা গিয়েছে ।
সূত্রের খবর, গতকাল ২৪ শে ফেব্রুয়ারি মঙ্গলবার নিজের জন্মদিনের পার্টিতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয়। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পরেই বাড়ি নিয়ে আসা হয়েছে বলিউডের নামী পরিচালককে বলে খবর সূত্র মারফত। ইনস্টাগ্রামে প্রকাশিত পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সঞ্জয় লীলা বনশালি সম্পূর্ণ সুস্থ। তাঁকে রেগুলার চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিন্তার কোনো কারণ নেই। ভক্তদের ধন্যবাদ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। বলা হয় তাঁর ভক্তদের কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন সেটাকে আমরা ভীষণ ভাবে সম্মান করি।
পরিচালকের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরণের ভুল খবর যেন সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে দেওয়া হয়। পরিচালকের অসংখ্য অনুরাগী রয়েছেন বিশ্ব জুড়ে। সেই কারণেই এই ধরণের খবর বিব্রত করতে পারে পরিচালকের অনুরাগীদের। কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ যেখানে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে।
বলিউডে সঞ্জয় লীলা বনশালি প্রায় ৩০ বছর ধরে যুক্ত আছেন। তাঁর ক্লাসিক এবং পিরিয়ড ড্রামার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত। ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘বাজিরাও মস্তানি’ এবং ‘হীরামণ্ডি’ এর মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি। ১৯৯৬ সালে সলমন খান ও মণীষা কৈরালা অভিনীত খামোশি: দ্য মিউজিক্যাল দিয়ে পরিচালক হিসাবে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সঞ্জয় লীলা বনশালি ।
