আজকের দিনেআবহাওয়া

নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বসন্তের শুরুতেই দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, যার প্রভাবে চলতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। যদিও আবহাওয়াবিদদের মতে, কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্ভাবনাও কম। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিই হতে পারে, সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা মাঝে মাঝে মাঝারি আকার ধারণ করতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে কিছু এলাকায় সাময়িকভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ সেখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভোরের দিকে শীতের আমেজ আর নেই কোনও জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামেনি।আবহাওয়াবিদদের ধারণা, মার্চের শুরু থেকেই গরম আরও বাড়বে এবং ধীরে ধীরে শীতের অনুভূতি সম্পূর্ণ বিদায় নেবে।

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকেই এই নিম্নচাপের উৎপত্তি, যা বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এবং পরে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যেতে পারে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গেও নিম্নচাপের সামান্য প্রভাব পড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, তবে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যদিও কোনো সতর্কতা জারি করা হয়নি।
ইন্ডিয়া মেটুওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, আগামী এক সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দিনের গরম ধীরে ধীরে বাড়বে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা বিক্ষিপ্ত এবং স্বল্পস্থায়ী হবে। ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা নেই, তবে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখা নিরাপদ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *