সুকান্ত-রাজীব দ্বন্দ্বে আইনি লড়াইয়ের সম্ভাবনা !
কিউ ইন্ডিয়া বাংলা :- কয়লা ও গরু পাচারকাণ্ডে নাম জড়িয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার কে আইনি নোটিস পাঠিয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। রাজীব কুমারের আইনজীবীর দাবি, শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ির একাধিক সভায় কেন্দ্রীয় মন্ত্রী তাঁর মক্কেলের নাম জড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন, যা তথ্যগতভাবে ভুল এবং সম্মানহানিকর। ওই মন্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজীব কুমারের পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
দু’পাতার আইনি নোটিসে স্পষ্ট বলা হয়েছে, সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে। যদি তা না করা হয়, তবে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। প্রাক্তন ডিজির আইনজীবীর বক্তব্য, রাজনৈতিক সমালোচনা স্বাভাবিক হলেও ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা গ্রহণযোগ্য নয়।
পালটা আইনি পথে জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীও। তিনি বলেছেন, তাঁর বক্তব্যের আইনি ব্যাখ্যা রয়েছে এবং প্রয়োজন হলে আদালতে তা প্রমাণ করবেন। এই মন্তব্যের পর বিষয়টি শুধু রাজনৈতিক মহলেই নয়, আইনি ক্ষেত্রেও গুরুত্ব পাচ্ছে। শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক নেতারা নোটিসকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে রাজীব কুমারের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে সম্মান রক্ষার দাবিতে।
ফলে এখন দেখার বিষয়, সাত দিনের মধ্যে সমঝোতা হয় কিনা, নাকি আদালতের পথে গড়ায় এই রাজনৈতিক দ্বন্দ্ব। জনমনে প্রশ্ন উঠছে রাজনৈতিক ভাষণ ও ব্যক্তিগত সম্মানের সীমারেখা কতটা স্পষ্ট থাকা উচিত।
