মায়াপুরে আসছেন শাহ
কিউ ইন্ডিয়া বাংলা :- বঙ্গে বিধানসভা নির্বাচনের উত্তাপ ক্রমশ চড়ছে। মার্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন বলে জানা গিয়েছে। সেই আবহেই এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই তাঁর বঙ্গ সফরের খবর মিলেছে। প্রাথমিক সূচি অনুযায়ী, নদিয়ার ইসকন মায়াপুর মন্দিরে তাঁর ঠাসা কর্মসূচি থাকতে পারে। আগামী ১৮ ফেব্রুয়ারি তিনি রাজ্যে পৌঁছবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ফলে ভোটের বৈতরণী পেরতে ‘শ্রীকৃষ্ণের দরবারে শাহ’ এমন রাজনৈতিক জল্পনাও শুরু হয়েছে একাংশের মধ্যে।
এবারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাকে কার্যত পাখির চোখ করেছে গেরুয়া শিবির। জয়ের লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের ঘনঘন সফর শুরু হয়েছে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করেছেন। কয়েকদিন আগে দলীয় কর্মসূচিতে এসে ব্যারাকপুর ও শিলিগুড়িতেও সভা করেন অমিত শাহ। সেই সময় থেকেই জল্পনা চলছিল এবার তিনি মায়াপুরে যাবেন কিনা। বিজেপি সূত্রে এখন স্পষ্ট, একদিনের সফরে তিনি নদিয়ার মায়াপুরের ইসকন মন্দিরে যাচ্ছেন।
১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিনভর ব্যস্ত কর্মসূচি। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মায়াপুরে পৌঁছবেন। অস্থায়ী হেলিপ্যাডে নামার পর সড়কপথে প্রথমে ইসকনের শঙ্খভবন এবং পরে পদ্মভবনে যাওয়ার কথা। সেখানে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকও হতে পারে বলে শোনা যাচ্ছে।
এরপর তিনি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মতিথি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিতেও অংশ নিতে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মার্চের শুরুতেই দোল উৎসব। সেই উপলক্ষে দেশ-বিদেশ থেকে ইতিমধ্যেই ভক্তদের ভিড় জমতে শুরু করেছে মায়াপুরে। এই ধর্মীয় আবহে অমিত শাহের সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সফর ঘিরে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা বেড়েছে। মন্দির চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রশাসনিক কর্তারা ইতিমধ্যেই একাধিক জায়গা পরিদর্শনও শুরু করেছেন।
