রবীন্দ্র সরোবর মেট্রোতে ঝাঁপ, ব্যাহত পরিষেবা
কিউ ইন্ডিয়া বাংলা :- রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এক ব্যক্তির মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনায় রবিবার সকাল থেকে ব্যাহত হল কলকাতা মেট্রো পরিষেবা। সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী আপ মেট্রোটি স্টেশনে ঢোকার সময় ওই ঘটনা ঘটে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনার পর চালক তৎক্ষণাৎ ট্রেন থামানোর চেষ্টা করেন। তবে ওই ব্যক্তিকে এখনও উদ্ধার করা যায়নি বলেই খবর। নিরাপত্তাজনিত কারণে তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়, যার ফলে রবীন্দ্র সরোবর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তবে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত রুটে মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্যস্ততম সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। যদিও রবিবার হওয়ায় অফিসযাত্রীদের সংখ্যা তুলনামূলক কম ছিল, তবুও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীদের পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতে বেরোনো বহু মানুষ সমস্যায় পড়েন। দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হয় যাত্রীদের।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিষেবা পুরোপুরি চালু করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত তিন মাসে এই নিয়ে দশজন ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটিয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে, দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রবিবারের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান অবস্থা এখনও স্পষ্ট নয়। এই পরিসংখ্যান মেট্রো কর্তৃপক্ষের উদ্বেগ বাড়িয়েছে।
প্রতিবার এই ধরনের ঘটনার পর অন্তত এক ঘণ্টা বা তার বেশি সময় ধরে মেট্রো চলাচল ব্যাহত হয়। কারণ উদ্ধারকাজ চলাকালীন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়। ফলে সকাল কিংবা বিকেল—যে কোনও সময়েই সাধারণ যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
আত্মহত্যা রুখতে আগেই কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেল বসানো হয়েছিল। তার পর থেকে সেখানে আর এমন কোনও ঘটনা ঘটেনি। তবে বাকি স্টেশনগুলিতে একই ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। এই ধরনের ঘটনাগুলির মানসিক প্রভাব পড়ছে মেট্রো চালকদের উপরও। চোখের সামনে এই ঘটনা ঘটলে সংশ্লিষ্ট চালককে কিছুদিনের জন্য ডিউটি থেকে বিরতি দেওয়া হয় এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়।
