স্বামীর মৃত্যুর ৪৮ ঘণ্টা পড়েই SIR শুনানিতে সদ্য বিধবা, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্নে
কিউ ইন্ডিয়া বাংলা :- হুগলির শ্রীরামপুরে হৃদয়বিদারক একটি ঘটনা সামনে এসেছে। স্বামীর মৃত্যুর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এসআইআর শুনানিকেন্দ্রে সাদা থানা পরে লাইনে দাঁড়াতে হল এক প্রৌঢ়াকে।
রিষড়া কেসি সেন রোডের বাসিন্দা পাপিয়া সাহা রায়। তিনি শ্রীরামপুর বিধানসভার ২৭০ নম্বর বুথের ভোটার। গত রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর স্বামী মানব রায়ের। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মঙ্গলবার তাঁকে হাজির হতে হয় এসআইআর শুনানিতে।
শুনানিকেন্দ্রে পাপিয়াকে কখনও আকাশের দিকে তাকিয়ে থাকতে, কখনও নথিতে সই করতে দেখা যায়। স্বামীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পাপিয়া জানান, শুনানিতে না এলে ভবিষ্যতে আর কোনও তারিখ দেওয়া হবে না এই আশঙ্কাতেই তাঁকে আসতে হয়েছে। তিনি আরও বলেন, আগে শুনানির নোটিস পেলেও সেই সময় তাঁর স্বামী বলেছিলেন, তিনি সঙ্গে যাবেন। কিন্তু ভাগ্যের পরিহাসে আর তা হয়ে ওঠেনি।
এই ঘটনাটি সামনে আসতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুখসাগর মিশ্র বলেন, সদ্য বিধবাকে এভাবে শুনানিতে আসতে বাধ্য করা অত্যন্ত অমানবিক। যদিও তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে তাঁর শুনানি দ্রুত সম্পন্ন করা হয়েছে।
