আজকের দিনেবিশ্বভারতরাজনীতি

India-US Mega Trade Deal : ভারত-আমেরিকা মেগা বাণিজ্য ডিল প্রায় ফাইনাল! ট্রাম্পের বড় ঘোষণায় কাটল জট !

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বরফ গলার ইঙ্গিত। ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং এই চুক্তি আগের সব চুক্তির চেয়ে একেবারেই ভিন্ন হবে।(India-US Mega Trade Deal)

দীর্ঘদিন ধরেই বাণিজ্য সম্পর্ক নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। সূত্রের খবর, নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকা ভারতের বাজারে নিজেদের কৃষিপণ্য, ডেয়ারি প্রোডাক্ট এবং মেডিক্যাল ডিভাইস বিক্রির উপর জোর দিচ্ছিল। কিন্তু ভারত কিছুতেই সেই শর্তে রাজি হচ্ছিল না।

বাণিজ্যচুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল কৃষিপণ্য। আমেরিকা চাইছে তাদের গম, ভুট্টা, সয়াবিন এবং দুগ্ধজাত পণ্য কম শুল্কে ভারতে ঢুকুক। কিন্তু ভারত সরকারের স্পষ্ট বক্তব্য, এতে দেশের কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার মতো কৃষি প্রধান রাজ্যে এর বিরূপ প্রভাব পড়বে। সামনেই উত্তরপ্রদেশে ভোট, তার আগে মার্কিন কৃষিপণ্যকে বাজার ছেড়ে দিলে নতুন করে কৃষক বিদ্রোহ মাথাচাড়া দিতে পারে বলেও আশঙ্কা করছে কেন্দ্র। তাই কোনওভাবেই কৃষি ক্ষেত্রে ছাড় দিতে নারাজ ছিল দিল্লি।(India-US Mega Trade Deal)

এই অবস্থায় দফায় দফায় আলোচনা ব্যর্থ হয়। বাণিজ্যমন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হলেও মেলেনি রফাসূত্র।

অবশেষে সেই জট কাটার ইঙ্গিত দিলেন ট্রাম্প নিজেই। ভারতীয় সময় বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত চুক্তিটি চূড়ান্ত করতে চায়। আমরাও মুখিয়ে আছি। তবে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “এই চুক্তিটি আমাদের আগের করা চুক্তিগুলির চেয়ে একেবারেই ভিন্ন হবে।” তবে প্রস্তাবিত এই চুক্তিটি ঠিক কী ধরনের হবে, কোন কোন পণ্যে ছাড় দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।(India-US Mega Trade Deal)

উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে ভারত সফরে রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। দিল্লি পৌঁছেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পথে এবং দুই দেশই ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছে। তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই বড় ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

কোন ফর্মুলায় কৃষি-জট কাটল, ভারত ঠিক কতটা ছাড় দিল আর বিনিময়ে আমেরিকার থেকে কী পেল, তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্পের ঘোষণার পর একটা বিষয় পরিষ্কার, ভারত-মার্কিন ঐতিহাসিক বাণিজ্যচুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা। এই চুক্তি চূড়ান্ত হলে দুই দেশের বাণিজ্য ঘাটতি যেমন কমবে, তেমনই বিশ্ব বাজারেও এর বড় প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *