আজকের দিনেপূজা দর্পনবাংলার আয়না

SUVENDU ADHIKARI: ‘ছারপোকা-আরশোলা-নকশাল’ থেকে সাবধান, মতুয়াগড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কিউ ইন্ডিয়া বাংলা, বনগাঁ:- পুজো উদ্বোধনে বনগাঁয় গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI) । বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী ও মতুয়া সম্প্রদায়ের মানুষদের CAA সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকারই এখন করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর রাজ্যকে সবুজ সংকেত দিয়েছে বলে জানান তিনি।

এদিন বনগাঁর পুজো মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI) বলেন, দীর্ঘদিন ধরে মতুয়া সম্প্রদায়ের মানুষ CAA-র জন্য অপেক্ষা করছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনগাঁ ও নদিয়ায় এসে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এখন বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যেই অনেকে CAA সার্টিফিকেট পেয়েছেন। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর রাজ্য সরকারকে এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা দিয়েছে। ফলে প্রক্রিয়া আরও দ্রুত হবে।

তিনি (SUVENDU ADHIKARI ) স্পষ্ট আশ্বাস দিয়ে বলেন, “CAA সার্টিফিকেট দেওয়া, নাম তোলায় কোনও সমস্যা হবে না।” যাঁরা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এদেশে এসেছেন, তাঁরা প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব পাবেন। এটি কেন্দ্রের বিজেপি সরকারের দেওয়া কথা এবং রাজ্য সরকার তা অক্ষরে অক্ষরে পালন করবে। দেবীপক্ষের সূচনায় এটাই মতুয়াদের জন্য সবচেয়ে বড় উপহার বলে উল্লেখ করেন তিনি।

শুধু CAA নয়, একই মঞ্চ থেকে তীব্র রাজনৈতিক আক্রমণও করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি দিল্লিতে SIR ইস্যুতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে INDIA জোটের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দিল্লিতে যারা আন্দোলন করছে তারা ‘আরশোলা’। তাঁর অভিযোগ, এই ‘আরশোলা’, ‘ছারপোকা’রা ভারতের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। সিপিএমও এই আন্দোলনের সুযোগ নিয়ে রাজ্যে জমি তৈরির চেষ্টা করছে। তাই সাধারণ মানুষকে এই ‘নকশাল’, ‘ছারপোকা’, ‘আরশোলা’দের থেকে সতর্ক থাকতে হবে। দেশবিরোধী শক্তির ফাঁদে পা না দেওয়ার বার্তা দেন তিনি।

বনগাঁর উন্নয়ন নিয়েও এদিন বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই মুহূর্তে বনগাঁ এলাকাতেই ৭২ হাজার মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন। এখনও যদি কোনও যোগ্য মহিলা বাকি থাকেন, তবে তিনি আবেদন করতে পারেন। সরকার আবেদন খতিয়ে দেখে দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করবে। পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় শিল্পায়নের ওপর জোর দেন তিনি। বনগাঁয় নতুন শিল্প এলে স্থানীয় যুবকদের কর্মসংস্থান হবে বলেও আশ্বাস দেন।

সব মিলিয়ে বনগাঁর মঞ্চ থেকে একদিকে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বড় আশ্বাস, অন্যদিকে বিরোধীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি, দুটোই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর মুখে তাঁর এই ঘোষণা রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *