SAMIK BHATTACHARYA BJP : বসুনিয়ার বিজেপি-যোগের দাবি খারিজ শমীকের, ‘ওটা মঙ্গল গ্রহের বিজেপি’
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূল থেকে এনসিপিআই হয়ে এবার সরাসরি বিজেপিতে যোগদানের যে দাবি কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া করেছিলেন, তা সরাসরি খারিজ করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (SAMIK BHATTACHARYA BJP)। ২০২১ সালের ভোট-পরবর্তী অত্যাচারের প্রসঙ্গ তুলে তাঁর কটাক্ষ, “তাঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি।”
সম্প্রতি বাংলায় ফিরে বিস্ফোরক দাবি করেন বসুনিয়া। তিনি বলেন, তৃণমূল থেকে বেরিয়ে তাঁরা সরাসরি বিজেপিতেই যেতে চেয়েছিলেন। কিন্তু তিন সংখ্যালঘু সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান ও ইউসুফ পাঠান সরাসরি বিজেপিতে যেতে রাজি না হওয়ায় সমস্যা তৈরি হয়। (SAMIK BHATTACHARYA BJP)
তাঁর দাবি অনুযায়ী, দলত্যাগ বিরোধী আইন এড়াতেই বিজেপি নেতৃত্বের পরামর্শেই তাঁরা ২০ জন এনসিপিআই-তে যোগ দেন। এখন সেই বাধা কেটে গিয়েছে। তাই ওই তিনজন বাদে বাকি ১৭ জন পুজোর আগে বা পরেই সরাসরি বিজেপিতে যোগ দেবেন। (SAMIK BHATTACHARYA BJP)
এই মন্তব্যের পরই বিজেপির অন্দরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। একাংশের মতে, তৃণমূল থেকে আসা নেতাদের এভাবে সরাসরি বিজেপিতে নিলে দলের কোর ভোটব্যাঙ্ক এবং পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়বে। এলাকায় ফিরে বসুনিয়াকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে।
এই পরিস্থিতিতেই মুখ খোলেন শমীক ভট্টাচার্য । তিনি স্পষ্ট করে দেন, বিজেপিতে যোগদান করতে চাইলেই যে বিজেপি নিয়ে নেবে, এমন ভাবার কোনও কারণ নেই। তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের উপর হওয়া অত্যাচারের কথা মনে করিয়ে দেন।
অন্যদিকে, এই বিষয়ে আবু তাহের খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অন্য ১৭ জনের দায়িত্ব ১৭ জন নেবে। এরকম কোনও চুক্তি আমাদের সঙ্গে হয়নি।”
উল্লেখ্য, এই ২০ জন সাংসদের পদ খারিজ চেয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টেও মামলা চলছে। খাতায়-কলমে তারা এখনও তৃণমূলের সাংসদ। এই অবস্থায় শমীকের এই কড়া বার্তা স্পষ্ট করে দিল, বসুনিয়াদের বিজেপি-যোগের রাস্তা এখনও মসৃণ নয়।
