আজকের দিনেবিশ্বভারত

BRICS Summit : সাত বছর পর ভারতে জিনপিং, ৪০০ জনের দল নিয়ে আসছেন ব্রিকস সম্মেলনে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বরফ গলার ইঙ্গিত? প্রায় সাত বছর পর ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৪০০ জনের প্রতিনিধিদল নিয়ে ব্রিকস শীর্ষসম্মেলনে যোগ দিতে পারেন তিনি। বিদেশ মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি সংবাদ সংস্থা রয়টার্সের।(BRICS Summit)

আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে ব্রিকস শীর্ষসম্মেলন। ২০১২, ১৬ ও ২১-এর পর চতুর্থবার ভারত আয়োজক। এবারের মূল থিম উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থিতি বৃদ্ধি। সূত্রের খবর, এই সম্মেলনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পার্শ্ববৈঠক করতে পারেন জিনপিং।

রয়টার্স জানিয়েছে, নয়াদিল্লিতে চিনা দূতাবাসের আধিকারিকরা এখন হোটেল ও নিরাপত্তা প্রোটোকল চূড়ান্ত করতে ব্যস্ত। যদিও বেজিংয়ের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। চিনা বিদেশ দফতরের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার এই সফর নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়েছেন।(BRICS Summit)

২০১৯ সালে শেষবার ভারতে এসেছিলেন জিনপিং। তখন তাঁর সঙ্গে ২০০ জনের প্রতিনিধিদল ছিল। তামিলনাড়ুর মামাল্লাপুরমে মোদির সঙ্গে তাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তার পরের বছরই গালওয়ানে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর দুই দেশের সম্পর্কে অবনতি হয়।(BRICS Summit)

উল্লেখ্য, দু’দিনের চিন সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখানে ব্রিকস সম্মেলন নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *