Sudipta Sen : সুপ্রিম কোর্টের বড় রায়: অসমের CBI মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ১৩ বছর পর বড় স্বস্তি পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। বাংলার ৩৮২টি মামলায় জামিনের পর এবার CBI-এর হাতে থাকা অসমের চিটফান্ড মামলাতেও জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ২০১৩ সাল থেকে জেলবন্দি সুদীপ্তর জেলমুক্তির পথ এবার অনেকটাই পরিষ্কার হল।(Sudipta Sen)
মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “এই মামলায় ১০ বছর ধরে জেলবন্দি রয়েছেন অভিযুক্ত। তাই সার্বিকভাবে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করে আমরা জামিন মঞ্জুর করছি।”
অসমের মামলাটি ২০১৬ সাল থেকে চলছে। জামিন চেয়ে গুয়াহাটি হাই কোর্টে আবেদন করলেও ২০২৫ সালে তা খারিজ হয়ে যায়। এরপর সুদীপ্ত সেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।(Sudipta Sen)
আদালত জামিন দিলেও জেলমুক্তির শর্ত কী হবে তা ঠিক করবে নিম্ন আদালত। শর্ত চূড়ান্ত হলেই জেল থেকে ছাড়া পাবেন তিনি।
প্রসঙ্গত, ২০১৩ সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর কাশ্মীরের সোনমার্গ থেকে দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে গ্রেপ্তার হন সুদীপ্ত। প্রথমে রাজ্য পুলিশ, পরে আদালতের নির্দেশে মামলা যায় CBI-এর হাতে। তারপর থেকেই জেলে রয়েছেন তিনি।
বাংলায় তাঁর বিরুদ্ধে ৩৮২টি মামলা ছিল। সবক’টিতেই আগেই জামিন পেয়েছেন। চলতি বছরের শুরুতে কলকাতা হাই কোর্ট শেষ ২টি মামলায় জামিন দেয়। এবার CBI-এর অসমের মামলাতেও জামিন পেয়ে গেলেন সারদা কর্তা।(Sudipta Sen)
বাংলা ও অসম – দুই রাজ্যের মামলাতেই জামিন পেয়ে যাওয়ায় ১২ বছরের বেশি সময় পর জেলমুক্তির সম্ভাবনা তৈরি হল সুদীপ্ত সেনের। তবে নিম্ন আদালতের শর্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে।
