আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Mounted Police Horses : রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’ ! ৪ বছর ধরে রেড রোডের কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ২০২২ সালে রেড রোডের কুচকাওয়াজে প্রাক্তন রাজ্যপালের দিকে পিছন ফিরে দাঁড়ানোর ‘অপরাধে’ গত ৪ বছর ধরে সাধারণতন্ত্র ও স্বাধীনতা দিবসের প্যারেড থেকে বাদ কলকাতা পুলিশের ঘোড়াবাহিনী। শনিবারও রেড রোডে তাদের জায়গা হল না। জায়েন্ট স্ক্রিনে নিজেদের ছবি দেখে ‘দলছুট’ হয়েছিল ঘোড়া ‘আইকনিক’। তার খেসারত দিচ্ছে গোটা মাউন্টেড পুলিশ।

২০২২ সালের ২৬ জানুয়ারি শেষবার ঘোড়া নিয়ে রেড রোডে কুচকাওয়াজ করেছিল কলকাতা পুলিশের মাউন্টেড ইউনিট। সেদিন ২০টি ঘোড়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে পায়ে পা মিলিয়ে এগোচ্ছিল। প্রাক্তন রাজ্যপালকে ঘোড়ার উপর বসেই অভিবাদন জানান মাউন্টেড পুলিশের আধিকারিক।

কিন্তু হঠাৎই দলছুট হয়ে যায় পুলিশের ঘোড়া ‘আইকনিক’। সে ৯০ ডিগ্রি মোচড় খেয়ে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে লাইনে ফিরিয়ে আনেন সওয়ার।

পরে তদন্তে পুলিশ জানতে পারে, রেড রোডের পাশে থাকা জায়েন্ট স্ক্রিনে তখন ঘোড়াদেরই ছবি দেখানো হচ্ছিল। নিজেদের চলমান ছবি দেখে ‘আইকনিক’ মনে করেছিল অন্য ঘোড়ার পাল এসেছে। তাদের দেখতেই সে ঘুরে দাঁড়ায়।

তারপর থেকেই সাধারণতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ব্রাত্য কলকাতা পুলিশের ঘোড়াবাহিনী। তাই শনিবারও রেড রোডের প্যারেডে তাদের ডাক পড়েনি।

অথচ এই ৪ বছরে জাতীয় স্তরের বহু প্রতিযোগিতায় পুরস্কার এনেছে কলকাতা মাউন্টেড পুলিশের একাধিক ঘোড়া। তাই আধিকারিকদের আশা, ২০২৭ সালের ২৬ জানুয়ারি ফের রেড রোডে ফিরবে মাউন্টেড পুলিশ।

পুলিশ কর্তাদের মতে, মহড়ার সময় জায়েন্ট স্ক্রিন না থাকায় সমস্যা হয় না। প্যারেডের দিন অভিবাদন পর্ব চলাকালীন কিছুক্ষণের জন্য জায়েন্ট স্ক্রিন বন্ধ রাখা যায় কি না, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।

একটি ঘোড়ার কয়েক সেকেন্ডের ‘ভুলে’ ৪ বছর ধরে প্যারেডের বাইরে কলকাতা পুলিশের ঘোড়াবাহিনী। ‘শাপমুক্তি’র অপেক্ষায় মাউন্টেড পুলিশ। ২০২৭ সালের কুচকাওয়াজে ফের রেড রোডে তাদের দেখা যাবে কি না, সেদিকেই তাকিয়ে শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *