Anubrata’s Former Bodyguard : সাহগেলের ফ্ল্যাটে সোনা-নগদ-দলিল উদ্ধার, আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী !
কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম:- অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাহগেল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে শুক্রবার গভীর রাত থেকে শনিবার গভীর রাত পর্যন্ত টানা তল্লাশি চালাল রাজ্য পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল নথি, সোনার গয়না ও নগদ টাকা। সম্পত্তির মালিকানায় অসঙ্গতি মেলায় শনিবার রাতে সাহগেলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে বিভিন্ন বিলাসবহুল এলাকার জমি ও সম্পত্তির দলিল মিলেছে। পুলিশ সূত্রের দাবি, শুধু বীরভূম নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও বিঘার পর বিঘা জমির হদিস পাওয়া গিয়েছে।
তল্লাশির সময় ফ্ল্যাট থেকে সোনার গয়না ও নগদ টাকাও উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া সোনা ও নগদের সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। শনিবার বিকেল থেকে সাহগেল নিজেই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন এবং তাঁর সামনেই তল্লাশি চলে।
উদ্ধার হওয়া কিছু নথিতে সম্পত্তি ও জমির মালিকানা সংক্রান্ত অসঙ্গতি প্রাথমিকভাবে নজরে এসেছে। সেই সূত্রেই সাহগেল হোসেনকে আটক করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এত বিপুল সম্পত্তির উৎস কী, কীভাবে বিভিন্ন জেলায় জমি কেনা হল এবং এই সম্পত্তির সঙ্গে অন্য কোনও ব্যক্তির যোগাযোগ আছে কি না।
টুলু মণ্ডলের বিরাট সাম্রাজ্যের বিষয়টি সামনে আসার পর একে একে গ্রেপ্তার হচ্ছে তাঁর ম্যানেজার ও ঘনিষ্ঠরা। ম্যানেজারের কাছ থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে কয়েকজন সরকারি আধিকারিক ও প্রভাবশালীর নাম থাকার খবর মিলেছে। টুলু মণ্ডলের সঙ্গে সাহগেলের আর্থিক বা সম্পত্তিগত যোগসূত্র আছে কি না তাও তদন্তের আওতায় রাখা হয়েছে।
এদিনই টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বোলপুর বাইপাস সংলগ্ন খাসপাড়ার ১০ কাঠা জমির উপর তৈরি বিলাসবহুল বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। তবে দীর্ঘ তল্লাশিতে সেখানে তেমন কিছু উদ্ধার হয়নি।
টুলু-কাণ্ডের পর অনুব্রত ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক অভিযান চলছে। সাহগেলের ফ্ল্যাট থেকে বিপুল সম্পত্তির হদিস মেলায় তদন্তের গতি আরও বাড়ল। আটক সাহগেলের জবানবন্দি এবং উদ্ধার হওয়া নথির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে রাজ্য পুলিশ।
