আজকের দিনেখেলাভারত

Wonder Kid : হেডেনের ভরসা বৈভব! “টেস্টেও রাজ করবে বিস্ময় বালক” !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- মাত্র ১৫ বছরেই আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলেছে বৈভব সূর্যবংশী। অনেকে বলছে সে শুধু T20-র প্লেয়ার। কিন্তু অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাথু হেডেন সেই ধারণা উড়িয়ে দিলেন। তাঁর দাবি, মানসিক শক্তি আর প্রতিভা থাকলে বৈভব টেস্ট ক্রিকেটেও ভারতের ভরসা হয়ে উঠবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন স্পষ্ট করে বলেন, “কিছু মানুষ বলছেন ও হয়তো শুধু ছোট ফরম্যাটের খেলোয়াড় হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এতে একেবারেই একমত নই। আমি বিশ্বাস করি, খেলার দীর্ঘতম ফরম্যাটেও সফল হওয়ার মতো ক্ষমতা বৈভবের রয়েছে।”

তাঁর মতে বৈভবের সবচেয়ে বড় শক্তি বয়স নয়, মানসিকতা। “১৫ বছর বয়সেই আইপিএলের মতো ব্লকবাস্টার টুর্নামেন্টে শুধু খেলতে নামা নয়, সেখানে সাফল্য পাওয়ার সাহস ও মানসিকতা বৈভব দেখিয়েছে। এটাই প্রমাণ করে বিশ্বমানের খেলোয়াড় হওয়ার সব উপাদান ওর মধ্যে আছে।”

তবে হেডেন সাবধানও করেছেন। শীর্ষ স্তরে ধারাবাহিক থাকতে এখনও কিছু জায়গায় কাজ বাকি। “বৈভবের মধ্যে প্রতিভার এক বিশাল ভাণ্ডার রয়েছে। তবে শীর্ষতম স্তরে খেলতে গেলে আরও পরিশ্রম করতে হবে। শেষ পর্যন্ত ও নিজের কেরিয়ার কীভাবে গড়ে তুলতে চায়, তা পুরোটাই ওর নিজের ওপরই নির্ভর করছে।”

সম্প্রতি ফর্মও কথা বলছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে T20 সিরিজে ৩ ম্যাচে ১৫১ রান করে সিরিজ সেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার রেকর্ডও ওর দখলে।
IPL 2026-এ রাজস্থান রয়্যালসের হয়ে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান। ১টি সেঞ্চুরি, ৫টি হাফ সেঞ্চুরি, ৭২টি ছক্কা। জিতে নিয়েছে অরেঞ্জ ক্যাপ, MVP, ইমার্জিং প্লেয়ার সহ সব বড় পুরস্কার। U-19 বিশ্বকাপেও ৪৩৯ রান করে হয়েছিল টুর্নামেন্ট সেরা।

ম্যাথু হেডেনের মত একজন কিংবদন্তির এই ভরসা বৈভবের জন্য বিশাল প্রাপ্তি। টি-টোয়েন্টির বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি টেস্টের ধৈর্য যদি ধরতে পারে, তাহলে বৈভব হতে পারে ভারতের আগামী দশকের ব্যাটিং স্তম্ভ। ক্রিকেট মহল এখন শুধু সেই দিনের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *