আজকের দিনেবিশ্বরাজনীতি

Trump-Hamas : ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি: অস্ত্র রাখছে হামাস, গাজা ছাড়বে ইজরায়েলি সেনা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রায় আড়াই বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শান্তির আলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করলেন, হামাস সম্পূর্ণ অস্ত্রত্যাগে এবং গাজার ক্ষমতা ছাড়তে রাজি হয়েছে। পাল্টা হিসেবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইজরায়েলও।

বৃহস্পতিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, “বোর্ড অফ পিস এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। হামাস এবং গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ছাড়তে রাজি হয়েছে।”

চুক্তির মূল শর্তগুলি:
1. হামাসের সিদ্ধান্ত: ক্ষমতা থেকে সরে যাবে হামাস এবং সম্পূর্ণভাবে অস্ত্র সংবরণ করবে। হামাসের দাবি, দখলদার শক্তির আগ্রাসন বন্ধ করতেই এই পদক্ষেপ।
2. ইজরায়েলের ভূমিকা: হামাস অস্ত্রত্যাগ করলেই গাজা থেকে বিদায় নেবে ইজরায়েলি ফৌজ।
3. নতুন প্রশাসন: গাজায় গঠিত হবে অসামরিক সরকার এবং প্যালেস্টাইনের নতুন পুলিশ বাহিনী আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে।

এই মধ্যস্থতার জন্য ট্রাম্প মিশর, কাতার এবং তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৬ সালের নির্বাচনে জিতে ২০০৭ সালে ফাতাহ-কে হটিয়ে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। দুই দশক পর এবার ক্ষমতা ছাড়ছে তারা।

তবে বাস্তবে চুক্তি কতটা কার্যকর তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। খাতায়কলমে যুদ্ধবিরতি চললেও বৃহস্পতিবারও গাজায় ইজরায়েলি হামলায় ২ শিশু-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। নেতানিয়াহুর প্রশাসন এখনও সরকারিভাবে কিছু জানায়নি। হামাসের এক কর্তা শুধু জানিয়েছেন, অস্ত্রত্যাগ এবং সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মতি হয়েছে।

ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। কিন্তু কাগজের চুক্তি কবে মাটিতে নেমে আসবে, আর কবে সত্যিই গাজায় শান্তি ফিরবে — সেই উত্তর এখনও সময়ের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *