মেঘ-কুয়াশার জঙ্গেলে বাঘ দেখার রোমাঞ্চ! বর্ষার মরসুমে ঘুরে আসুন দেশের এই ৫টি বিখ্যাত টাইগার রিজার্ভে
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: আকাশজুড়ে মেঘের ঘনঘটা আর অঝোর ধারায় বৃষ্টি— বর্ষার এই রূপ রোম্যান্টিক হলেও, বন্যপ্রাণী প্রেমী এবং জঙ্গল সাফারি উৎসাহীদের জন্য এই সময়টা কিছুটা মন খারাপের। সাধারণত জুনের শেষ থেকে বর্ষার মরসুম শুরু হতেই দেশের প্রায় সমস্ত নামী জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের ‘কোর এরিয়া’ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু জঙ্গলপ্রেমীদের মন খারাপের কিছু নেই! ভারতের এমন কয়েকটি বিখ্যাত টাইগার রিজার্ভ এবং জাতীয় উদ্যান রয়েছে, যেগুলির নির্দিষ্ট কিছু ট্যুরিজম জোন এবং ‘বাফার এরিয়া’ জুলাইয়ের ভরা বর্ষাতেও পর্যটকদের জন্য সম্পূর্ণ খোলা থাকে। কুয়াশা ও মেঘে ঢাকা জঙ্গল আর পাতায় পাতায় সবুজের বিস্ফোরণ দেখতে এই বর্ষায় আপনি ঢুঁ মারতে পারেন দেশের এই ৫টি অভয়ারণ্যে—
১. তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ (মহারাষ্ট্র)
মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত এই তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ জুলাই মাসে ঘোরার জন্য অন্যতম সেরা ডেস্টিনেশন। বর্ষার মরসুমেও এই জঙ্গলের নভগাঁও , মোহরলি এবং কোলারার মতো প্রধান ট্যুরিজম জোনগুলি খোলা থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, স্লথ বিয়ার (ভাল্লুক), বুনো কুকুর এবং ভারতীয় বাইসনের (গৌর) দেখা মেলার জন্য এই জঙ্গল অত্যন্ত জনপ্রিয়।
২. পেঞ্চ ন্যাশনাল পার্ক (মধ্যপ্রদেশ ওমহারাষ্ট্র )
বিশ্বখ্যাত লেখক রুডইয়ার্ড কিপলিংয়ের ‘দ্য জঙ্গল বুক’-এর মোগলি আর শের খানের সেই চেনা জঙ্গল হল এই পেঞ্চ। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের সীমানা জুড়ে বিস্তৃত এই পার্কের মূল গেট বন্ধ থাকলেও, এর রোমাঞ্চকর বাফার জোনগুলি যেমন— তুরিযা এবং খওয়াসা বর্ষাকালে সম্পূর্ণ খোলা থাকে। জুলাই মাসে মেঘ-কুয়াশায় মোড়া পেঞ্চের রহস্যময় অরণ্য ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারদের কাছে এক স্বর্গরাজ্য।
৩. সাতপুরা ন্যাশনাল পার্ক (মধ্যপ্রদেশ)
চিরাচরিত জঙ্গল সাফারির চেয়ে একটু অন্যরকম এবং অফবিট অভিজ্ঞতা চাইলে আপনার গন্তব্য হতে পারে মধ্যপ্রদেশের সাতপুরা। এই টাইগার রিজার্ভের ‘মাধাই বাফার জোন’ বর্ষার মরসুমেও পর্যটকদের স্বাগত জানায়। বর্ষার সাফারিতে এখানে স্লথ বিয়ার, নদীর কুমির, বিশাল আকৃতির ভারতীয় উড়ন্ত কাঠবিড়ালি, ধনেশ পাখি এবং ভাগ্য সহায় থাকলে রাজকীয় বাঘের দেখাও মিলতে পারে।
৪. দুধওয়া জাতীয় উদ্যান (উত্তরপ্রদেশ)
ভারত ও নেপাল সীমান্তের কোল ঘেঁষে অবস্থিত উত্তরপ্রদেশের দুধওয়া জাতীয় উদ্যান বর্ষার দিনগুলিতে তার বাফার এলাকার একটি সীমিত অংশে পর্যটকদের প্রবেশের অনুমতি দেয়, যার মধ্যে কিষাণপুর জোন অন্যতম। জলাভূমি ও ঘন তরাই অঞ্চলের এই জঙ্গলটি মূলত বাঘ, বুনো হাতি, বিলুপ্তপ্রায় জলাভূমির হরিণ এবং হরেক প্রজাতির পাখির জন্য বিখ্যাত।
৫. নাগরহোল জাতীয় উদ্যান (কর্নাটক)
দক্ষিণ ভারতের কর্নাটকের বিখ্যাত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ হল নাগরহোল জাতীয় উদ্যান। বর্ষার মরসুমে এই পার্কের কাবিনি এবং নানচ্ছি গেট এলাকাগুলি খোলা থাকে। কাবিনির নদী অববাহিকায় বর্ষা-সাফারির সময় বাঘ ও এশীয় হাতির পাশাপাশি এই জঙ্গলের অন্যতম প্রধান আকর্ষণ— অত্যন্ত বিরল ও রহস্যময় ‘ব্ল্যাক প্যান্থার’ বা কালো চিতাবাঘের দেখা পাওয়ার সুবর্ণ সুযোগ থাকে।
