Kamarhati Municipality : কামারহাটি পুরসভার নয়া পুরপ্রধান বিজেপি নেত্রী লকেটের দাদা !
কিউ ইন্ডিয়া বাংলা, কামারহাটি :- উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভায় উলটপুরাণ। পুরপ্রধান পদে বসলেন ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার সুশান্ত চট্টোপাধ্যায়। তিনি বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাদা। শুক্রবার বোর্ড মিটিংয়ে তৃণমূলেরই ২৭ জন কাউন্সিলারের সমর্থনে পুরপ্রধান নির্বাচিত হন তিনি। গোপাল সাহার পদত্যাগের পর এই নিয়োগ ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন গোপাল সাহা। তারপরই ভেঙে যায় কামারহাটি পুরবোর্ড। শুক্রবার বোর্ড মিটিং ডাকা হয়। ২৭ জন কাউন্সিলারের উপস্থিতিতে প্রবীণ কাউন্সিলার ভারতী স্বর্ণকার সুশান্তর নাম প্রস্তাব করেন। উপস্থিত সকলেই সমর্থন জানান।
প্রশ্ন উঠছে, এত তৃণমূল কাউন্সিলার থাকা সত্ত্বেও কেন নির্দল সুশান্তকে বেছে নেওয়া হল? পুরপারিষদ সদস্য সৌমিত্র পূতুণ্ড বলেন, “এর মধ্যে কোনও রাজনীতি খোঁজা উচিত নয়।” বিধানসভায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের পুত্রবধূ মেঘনাও এ দিন সুশান্তকে সমর্থন করেছেন।
অন্যদিকে বিজেপি নেতা অরূপ চৌধুরী কটাক্ষ করে বলেন, “চোরেদের দলে কে নতুন পুরপ্রধান হলো তা গুরুত্বহীন।”
সুশান্ত চট্টোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয়ই এখন মূল আলোচ্য। বিজেপির প্রাক্তন সাংসদের দাদা হয়েও তৃণমূল কাউন্সিলারদের সমর্থনে পুরপ্রধান হওয়ায় জল্পনা তুঙ্গে।
রাজ্যে একের পর এক পুরসভায় পদত্যাগের জেরে বোর্ড ভাঙার আবহে কামারহাটিতে উল্টো ছবি। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নির্দল কাউন্সিলারকে মাথায় বসানোয় বোঝা যাচ্ছে স্থানীয় সমীকরণই শেষ কথা। তবে লকেটের দাদা পুরপ্রধান হওয়ায় আগামী দিনে কামারহাটির রাজনীতিতে এর প্রভাব কতটা পড়ে সেটাই এখন দেখার।
