দেম্বেলের প্রথমার্ধের হ্যাটট্রিক, হালান্ডকে ছাড়াই নরওয়েকে ৪-১-এ গুঁড়িয়ে দিল ফ্রান্স
কিউ ইন্ডিয়া বাংলা, নিউইয়র্ক :- ম্যাচের আগে বিল্ড আপ ছিল এমবাপে বনাম হালান্ডের দ্বৈরথ নিয়ে। কিন্তু মাঠেই নামলেন না হালান্ড। আর তারকাহীন নরওয়েকে ৪-১ গোলে দুরমুশ করে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনে তিন করল ফ্রান্স। সৌজন্যে উসমান দেম্বেলের ঝলমলে হ্যাটট্রিক।
ছয় মাস আগে ‘প্রখ্যাত ব্রিটিশ এক সাংবাদিক জনপ্রিয় একটি পত্রিকায় লিখেছিলেন সাতানব্বইয়ের ফ্রান্সে জন্ম নেওয়া এক কিশোরের কথা, যার পা ভবিষ্যতের ফুটবল শাসন করবে। সেই উসমান দেম্বেলেই শনিবার নরওয়ের বিরুদ্ধে প্রমাণ করলেন লিটলটনের ভবিষ্যদ্বাণী।
নক আউট নিশ্চিত হয়ে যাওয়ায় নিয়মরক্ষার ম্যাচে গত ম্যাচের ১০ জন ফুটবলারকে বসিয়ে দিয়েছিল নরওয়ে। বাদ পড়েন হালান্ডও। সুযোগটা পুরো কাজে লাগায় ফ্রান্স। প্রথম মিনিটেই এমবাপের শট বারে লাগে। ১১ মিনিটে ডানদিক থেকে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন দেম্বেলে। ২০ মিনিটে এমবাপের ঠিকানা লেখা পাস থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে ২-০ করেন তিনি।
দুই গোল খেয়ে পাল্টা আঘাত হানে নরওয়ে। ২৮ মিনিটে আসগার্ড দারুণ শটে ব্যবধান কমান। তবে ৩২ মিনিটেই আবার ডানদিক থেকে কাটব্যাক করে ঢুকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন দেম্বেলে। ১৯৯৪-এর পর বিশ্বকাপে প্রথমার্ধে হ্যাটট্রিক এই প্রথম। সেবারও আয়োজক ছিল আমেরিকা।
দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি আসগার্ড। তাঁর স্পট কিক বাঁচিয়ে দেন মিনিয়ঁ। ইনজুরি টাইমে দেজিরে দুয়ের গোলে ৪-১ করে ফ্রান্স।
গ্রুপ শীর্ষে থাকা নিশ্চিত হয়েই মাঠে নেমেছিল ফ্রান্স। তবুও গা-ছাড়া দেয়নি দিদিয়ের দেশঁর দল। দেম্বেলের বিধ্বংসী হ্যাটট্রিক বুঝিয়ে দিল, এমবাপের পাশে তিনিও বিশ্বকাপের বড় মঞ্চে জ্বলে উঠতে তৈরি। হালান্ডহীন নরওয়েকে উড়িয়ে গ্রুপ পর্বে ১০০% রেকর্ড নিয়েই নক আউটে গেল গতবারের রানার্সরা।
