জর্ডন ম্যাচে বিশ্রাম পেতে পারেন মেসি, গোল্ডেন বুট নিয়ে সংশয়ে ভক্তরা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিশ্বকাপে আগুনে ফর্মে লিওনেল মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে জর্ডনের বিরুদ্ধে শুরু থেকে তাঁকে নাও খেলাতে পারেন কোচ স্কালোনি। আর তাতেই গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কায় মেসি-ভক্তরা।
দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউটে পৌঁছে গেছে আর্জেন্টিনা। রবিবার জর্ডন ম্যাচটা তাই নিছকই নিয়মরক্ষার। বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে যাওয়া জর্ডন বড় বাধা হবে না বলেই মনে করছেন কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচের আগে তিনি জানান, “আমার মতে বিশ্বকাপে সকলের সুযোগ পাওয়া উচিত। জর্ডন ম্যাচে সেই সুযোগ রয়েছে।” অর্থাৎ দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বেঞ্চের ফুটবলারদের দেখে নিতে চান তিনি।
সূত্রের খবর, বিশ্রাম পাওয়া ফুটবলারদের তালিকায় মেসির নামও আছে। ৩৯ বছরের অধিনায়ককে নক আউটের আগে তরতাজা রাখতে চান স্কালোনি। বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ে চোট ছিল মেসির। প্রথম ম্যাচে ৭৮ মিনিট ও দ্বিতীয় ম্যাচে পুরো সময় খেলেছেন। আমেরিকার গরমে ধকল সামলাতেই এই সিদ্ধান্ত।
তবে মেসি-ভক্তদের পুরোপুরি হতাশ হওয়ার কারণ নেই। শুরু থেকে না খেললেও দ্বিতীয়ার্ধে তাঁকে নামাতে পারেন স্কালোনি। যে ছন্দে আছেন এলএম টেন, তাতে অল্প সময়ই যথেষ্ট গোল বাড়িয়ে নেওয়ার জন্য। এখন দেখার, গোল্ডেন বুটের দৌড়ে থাকতে মেসি নিজে মাঠে নামার জন্য কতটা চাপ দেন কোচকে।
