Mexico Football : গ্লাভস তুলে রাখছেন ওচোয়া, বিশ্বকাপের মঞ্চে শেষ হচ্ছে মেক্সিকোর এক যুগ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার গিয়ের্মো ওচোয়া পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন। চলতি বিশ্বকাপকেই ‘ফেয়ারওয়েল ট্যুর’ হিসেবে দেখছেন ৪০ বছর বয়সী এই তারকা। জানালেন, টুর্নামেন্ট যত এগোবে প্রথম একাদশ থেকে নিজেকে সরিয়ে নেবেন, তবে দলের প্রয়োজনে মাঠে নামতে রাজি।
ওচোয়া মোট ছ’টি বিশ্বকাপ খেলেছেন। বহুবার অবধারিত হার থেকে মেক্সিকোকে বাঁচিয়েছেন তাঁর অতিমানবীয় সেভে।
জীবনের সেরা ম্যাচগুলোর একটি ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে। নেইমারদের একের পর এক আক্রমণ রুখে দিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনিই। ২০১৮ সালে জার্মানির বিরুদ্ধে প্রায় আটটা নিশ্চিত গোল বাঁচিয়ে গোটা বিশ্বকে চমকে দেন। আবার ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিরুদ্ধে লেওয়ানডোস্কির পেনাল্টি আটকে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন।
দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে মেক্সিকোর ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোলকিপার হিসেবে ধরা হয় তাঁকে। ক্লাব কেরিয়ারেও ইউরোপ-আমেরিকার একাধিক দলে খেলেছেন ওচোয়া।
ওচোয়ার বিদায় মানে শুধু একটা অধ্যায়ের শেষ নয়, মেক্সিকোর শেষ প্রহরার জায়গাটাও কিছুটা এলোমেলো হয়ে যাওয়া। তিন কাঠির নিচে তাঁর মতো ভরসার নাম খুঁজে পাওয়া সহজ হবে না এল ট্রাই-এর জন্য।
