পিএফ গ্রাহকেরা সাবধান! আজ রাত থেকেই বন্ধ হচ্ছে ইপিএফও এবং উমাং অ্যাপ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামী তিনদিন বন্ধ থাকতে চলেছে ইপিএফও-র সমস্ত অনলাইন পরিষেবা। সংস্থার তরফে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, সিস্টেমে জরুরি মাইগ্রেশনের কাজ চলার কারণে এই কদিন পিএফ পোর্টাল এবং UMANG অ্যাপ সাময়িকভাবে ব্যবহার করা যাবে না। তবে এই প্রক্রিয়ার পর গ্রাহকেরা আরও দ্রুত, নিরাপদ ও উন্নত ডিজিটাল পরিষেবা পাবেন বলে আশ্বস্ত করেছে সংস্থা।
কবে থেকে কতদিন বন্ধ থাকবে পরিষেবা?
ইপিএফও-র নোটিশ অনুযায়ী, ২৬ জুন অর্থাৎ আজ রাত ১২টা থেকে আগামী ২৮ জুন রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময়সীমার মধ্যে সাধারণ চাকুরিজীবী বা নিয়োগকারী —কেউই পোর্টাল বা অ্যাপ ব্যবহার করতে পারবেন না।
কোন কোন কাজ করা যাবে না?
পরিষেবা বন্ধ থাকাকালীন পিএফ সংক্রান্ত প্রায় সমস্ত অনলাইন কাজই স্তব্ধ থাকবে:
-
পিএফ-এর টাকা তোলার জন্য কোনও নতুন আবেদন করা যাবে না।
-
ই-পাসবুক দেখা বা ডাউনলোড করা সম্ভব হবে না।
-
নতুন কর্মীদের নাম নথিভুক্তকরণ (UAN Generation) বা কেওয়াইসি আপডেট করা যাবে না।
আগেই আবেদন করেছেন? বাতিল হবে কি ফর্ম?
অনেকেই আছেন যাঁরা এই মাইগ্রেশন প্রক্রিয়া শুরুর আগেই টাকা তোলার জন্য আবেদন করে রেখেছেন, কিন্তু এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। পোর্টাল বন্ধ থাকার কারণে তাঁদের মনে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে ইপিএফও স্পষ্ট জানিয়েছে যে, চিন্তার কোনও কারণ নেই, আগের কোনও আবেদনপত্র বাতিল হবে না। তবে সিস্টেমে কাজ চলার কারণে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে।
জরুরি প্রয়োজনে কী করবেন?
এই তিনদিন অনলাইন পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ থাকলেও অত্যন্ত জরুরি বা আপৎকালীন পরিস্থিতিতে গ্রাহকদের সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু রেখেছে ইপিএফও। পিএফ সংক্রান্ত কোনও জরুরি জিজ্ঞাস্য বা সহায়তার জন্য গ্রাহকেরা সরাসরি ১৪৪৭০ নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন।
