বহরমপুর কলেজে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগে আটক ৯
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- মুর্শিদাবাদের বহরমপুর কলেজে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন জমা দিতে এসে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কলেজ চত্বরে ভাঙচুরের অভিযোগ ওঠে এবং শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে ৯ জনকে আটক করে।
কলেজ সূত্রে জানা গিয়েছে, কিছু ছাত্র-ছাত্রী নিজেদের একাধিক দাবি নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন জমা দিতে আসেন। কিন্তু সেই সময় অধ্যক্ষ কলেজে উপস্থিত না থাকায় ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ, এরপরই বিক্ষোভ শুরু হয় এবং কলেজের বিভিন্ন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও সামনে এসেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত কলেজে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
কলেজ কর্তৃপক্ষের দাবি, ডেপুটেশন জমা দেওয়ার বিষয়ে আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বা প্রশাসনকে জানানো হয়নি। তাদের আরও অভিযোগ, বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে শুধুমাত্র কলেজের পড়ুয়ারা নয়, কিছুসংখ্যক বহিরাগতও উপস্থিত ছিলেন।
ঘটনার পর কলেজ চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও বর্তমানে পুলিশ নজরদারি বাড়িয়েছে। কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হল এবং ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ
