Qatar-Explosion : কাতারে গ্যাস প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ, ১২ ভারতীয়-সহ মৃত ১৩, আহত ৬৬ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কাতারের রাস লাফানে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন ১৩ জন। মৃতদের মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক। মঙ্গলবার দোহায় ভারতীয় দূতাবাস এই তথ্য জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬ জন, যাঁদের বেশিরভাগই ভারত ও পাকিস্তানের বাসিন্দা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের অবস্থা স্থিতিশীল।
কাতারের শক্তি মন্ত্রক জানিয়েছে, রবিবার শিল্পনগরী রাস লাফানের বারজান গ্যাস কেন্দ্রে সারাইয়ের কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই কেন্দ্রটি কাতারের প্রধান এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার কারণ বলে মনে করছে প্রশাসন। ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, গত মার্চ মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধের সময় ইরান রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তাতে বিশ্বের গ্যাস সরবরাহে বড় ধাক্কা লাগে। হরমুজ প্রণালী খোলার পর নতুন করে সারাইয়ের কাজ শুরু হয়েছিল। ডিসেম্বর ২০২৫ থেকে বন্ধ থাকা প্ল্যান্টটি মাত্র দু’দিন আগেই ফের চালু করা হয়। তার পরেই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৭০ কিলোমিটার দূরে মধ্য দোহাও কেঁপে ওঠে। জানালা কাঁপতে থাকায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশগত কোনও ঝুঁকি তৈরি হয়নি।
দুর্ঘটনার পর মঙ্গলবার শোকপ্রকাশ করেছে দোহায় ভারতীয় দূতাবাস। এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। কাতার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আহত ভারতীয়দের চিকিৎসা ও নিহতদের দেহ দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
যান্ত্রিক ত্রুটিতে কাতারের বৃহত্তম গ্যাস প্লান্টে এই বিস্ফোরণ ফের চোখে আঙুল দিয়ে দেখাল প্রবাসী শ্রমিকদের ঝুঁকির জীবন। ১২ জন ভারতীয়ের মৃত্যুতে শোকের ছায়া দু’দেশেই। তদন্ত শেষে দায় ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই, কিন্তু আপাতত স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি।
