আজকের দিনেবাংলার আয়না

কথা রাখলেন শুভেন্দু অধিকারী, ফলতাকে মডেল ব্লক গড়ার পথে বাজেটে বড় পদক্ষেপ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ফলতা :- দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা কেন্দ্রে গত কয়েক মাসে রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এবার সেই ফলতার উন্নয়নকে সামনে রেখে রাজ্য সরকারের প্রথম বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সরকারের লক্ষ্য, ফলতা ব্লককে একটি আদর্শ মডেল ব্লক হিসেবে গড়ে তোলা, যেখানে স্বাস্থ্য, নিরাপত্তা ও জনপরিষেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করা হবে।

বাজেটে জানানো হয়েছে, ফলতা ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে উন্নীত করে ১০০ জন শয্যার একটি গ্রামীণ হাসপাতালে রূপান্তরিত করা হবে। এর ফলে শুধু ফলতা নয়, আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষও উন্নত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন। বিশেষ করে মাতৃস্বাস্থ্য পরিষেবার উপর জোর দিয়ে হাসপাতালে জরুরি চিকিৎসার আধুনিক ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামীণ অঞ্চলে চিকিৎসা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

স্বাস্থ্য পরিকাঠামোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন অগ্নিনির্বাপক কেন্দ্র তৈরির পরিকল্পনার মধ্যে ফলতার নামও অন্তর্ভুক্ত হয়েছে। ফলতার জন্য এই বিশেষ উন্নয়ন প্যাকেজের ইঙ্গিত আগে থেকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের সময় এক জনসভায় তিনি ফলতার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় ফলতা কেন্দ্রকে ঘিরে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। কিছু বুথে অনিয়মের অভিযোগের জেরে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। পরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান ওরফে ‘ পুষ্পা ‘ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা এক লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেন। আগামী দিনে দক্ষিণবঙ্গের একটি উল্লেখযোগ্য উন্নয়ন মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে ফলতা বিধানসভা কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *