আজকের দিনেখেলাতিলোত্তমাবাংলার আয়না

Football : ‘ডার্বিতে গোল করতে চাই’, মোহনবাগানে সই করে হুঙ্কার রাহুল ভেকের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক :- রক্ষণ আরও মজবুত করতে বড় চমক দিল মোহনবাগান। জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল ভেকেকে এক বছরের চুক্তিতে দলে নিল সবুজ-মেরুন শিবির। সই করেই ডার্বিতে গোল করার লক্ষ্যের কথা জানালেন তিনি।

সেন্টার-ব্যাক হিসাবে পরিচিত হলেও রাইট-ব্যাক পজিশনেও সমান দক্ষ রাহুল। জাতীয় দলের জার্সিতে ৫০টিরও বেশি ম্যাচ খেলার পাশাপাশি অধিনায়কের দায়িত্বও সামলেছেন। আইএসএলে কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি ও বেঙ্গালুরু এফসির হয়ে ধারাবাহিক সাফল্য রয়েছে তাঁর। রক্ষণে ভরসা দেওয়ার পাশাপাশি সেট-পিস থেকেও গোল করার দক্ষতা আছে।

কলকাতার ফুটবল তাঁর কাছে নতুন নয়। আগে ইস্টবেঙ্গলের জার্সিতে কলকাতা ডার্বিতে খেলেছেন, গোলও করেছেন। মোহনবাগানে সই করে রাহুল বলেন, “যে কোনও ভারতীয় ফুটবলারের কাছেই মোহনবাগানে খেলার স্বপ্ন থাকে। দেশের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এখানে আমার ভারতীয় দলের সতীর্থরা অনেকেই খেলে। তাই মানিয়ে নিতে অসুবিধা হবে না।”

ট্রফি জয়ের মানসিকতা নিয়ে তিনি যোগ করেন, “সব ট্রফি জেতার জন্যই দল তৈরি করে মোহনবাগান। যা আমার ভাবনার সঙ্গে মেলে। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে গোল করেছিলাম। এবার সেটা উলটে দেওয়ার সুযোগ এসেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে ডার্বি জেতার ইচ্ছে আছে।”

অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা — সব মিলিয়ে রাহুল ভেকের আগমন মোহনবাগান রক্ষণে নতুন শক্তি যোগ করবে বলেই মনে করছে ফুটবল মহল। ডার্বি জয় ও চ্যাম্পিয়ন হওয়াই এখন তাঁর মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *