আজকের দিনেতিলোত্তমারাজনীতি

হকার ইস্যুতে শক্তি পরীক্ষায় মমতা: প্ল্যাকার্ড হাতে ধর্মতলায় তৃণমূল সুপ্রিমোর মিছিল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- হকার উচ্ছেদ ইস্যুতে এবার পথে নামলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুকে প্ল্যাকার্ড লাগিয়ে মানববন্ধন করে ধর্মতলায় মিছিল করলেন তিনি। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, দোলা সেন-সহ দলের নেতারা। রাজনৈতিক মহলের মতে, এই মিছিল আসলে দলের শক্তি পরীক্ষা ও হকারদের আবেগকে হাতিয়ার করার কৌশল।

রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে সরগরম রাজনীতি। যাদবপুর স্টেশন ও হাবড়ায় রেলের জমি থেকে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে বামেদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বাম নেতা সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যরা। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না—এই দাবিতে সুপ্রিম কোর্টের নির্দেশ তুলে ধরে বিজেপি সরকারকে আক্রমণ করেন সিপিএমের রাজ্য স্তরের নেতারা।
বিশেষজ্ঞদের মতে, হকার উচ্ছেদ ইস্যুকে সামনে রেখে ‘পলিটিক্যাল বেনিফিট’ নিতে মরিয়া বামেরা । এই আবহেই ময়দানে নামলেন মমতা। বিজেপির বিরোধীতায় তিনিও পিছিয়ে থাকতে রাজি নন । এদিনের মিছিলে গুটিকয়েক নেতা থাকলেও পিছনে ছিলেন শয়ে শয়ে হকার। দেরিতে হলেও হকার ইস্যুতেই দলের অবশিষ্ট অংশের লিটমাস টেস্ট করতে চাইছেন তৃণমূল নেত্রী, মত রাজনৈতিক মহলের একাংশের।

হকার উচ্ছেদকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি এখন তেতে আছে। বামেদের আন্দোলনের পাল্টা হিসেবেই মমতার এই মিছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যে বিজেপি সরকারের বিরোধিতায় বাম এবং তৃণমূলের মধ্যে এই ইস্যুতে শেষ পর্যন্ত কার ঝুলিতে যায় ‘পলিটিক্যাল ডিভিডেন্ড’, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *