জুনে অন্নপূর্ণার ফর্ম ফিলআপ করেছেন, কবে টাকা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দিয়েও এখনও টাকা পাননি? চিন্তা নেই। ফলতার জনকল্যাণ শিবির থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা কবে টাকা পাবেন, নতুন করে ফর্ম কেন লাগছে, সন্তান বেসরকারি স্কুলে পড়লে কী হবে—সব প্রশ্নের জবাব দিলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ৩ জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৮ লক্ষ মহিলা ৩ হাজার টাকা পেয়েছেন। মোট আবেদন জমা পড়েছে ১ কোটি ৫ লক্ষ। যাঁদের নাম নথিভুক্ত ও ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, তাঁদের পোর্টালে নাম তোলা হয়েছে। তাঁরা পয়লা জুলাই থেকে জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
নতুন করে ফর্ম ফিলআপের কারণও ব্যাখ্যা করেন তিনি। আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক দুর্নীতি হয়েছে। শুধু মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকেই সাড়ে চার হাজার পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে নিয়েছে। কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের এক অঞ্চলে ১৭৩ জন পুরুষ টাকা তুলেছে। সিআইডি তদন্ত চলছে। মুখ্যমন্ত্রীর কথায়, “দুর্নীতিবাজদের র্যাকেট মা-বোনেদের হকের টাকা লুট করেছে। তাই পরিচ্ছন্ন ভাবে ভেরিফাই করেই টাকা দিতে চাই।”
সন্তানের স্কুল নিয়েও জল্পনা ছিল। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, যাঁদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে সরকারের অনুমোদন থাকলে ৩ হাজার টাকা মিলবে, না হলে নয়।
ফর্ম ফিলআপ করলেও টাকা না পেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভেরিফিকেশন শেষ হলেই পয়লা জুলাই থেকে অ্যাকাউন্টে ঢুকবে জুন মাসের টাকা। দুর্নীতি রুখতেই এবার কড়া যাচাই, জানালেন মুখ্যমন্ত্রী।
