Trump-Iran : চুক্তির শর্তে ইরানকে ২৮ লক্ষ কোটি টাকা দেবে আমেরিকা? জল্পনা উড়িয়ে দিলেন ট্রাম্প !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ইরান-আমেরিকা শান্তি চুক্তির শর্তে তেহরানকে ৩০০ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৮ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে ওয়াশিংটন, এই খবরে শোরগোল পড়তেই আসরে নামলেন ডোনাল্ড ট্রাম্প। সাফ জানালেন, এই দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’। পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
বিগত আড়াই মাসের সংঘাতের পর আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৯ জুন সুইৎজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। এর মধ্যেই নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়, যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দিতে রাজি হয়েছেন ট্রাম্প।
এই জল্পনায় মঙ্গলবার ট্রুথ সোশালে মুখ খোলেন ট্রাম্প। তিনি লেখেন, ‘ইরানকে ২৮ লক্ষ কোটি টাকা দেওয়ার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির তরফে এই মিথ্যে ছড়ানো হচ্ছে।’ ফ্রান্সে কাতারের আমিরের সঙ্গে বৈঠকেও তিনি বলেন, ‘আমরা ইরানে কোনও আর্থিক বিনিয়োগ করছি না। কিন্তু বিনিয়োগ করার অধিকার আমাদের রয়েছে।’
এদিন ইজরায়েল নিয়েও সরব হন ট্রাম্প। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়ে বলেন, ‘আমি না থাকলে, ইজরায়েল থাকত না। অন্য কোনও প্রেসিডেন্ট হলে ইজরায়েলের জন্য এতটা করত না যতটা আমি করেছি।’
উল্লেখ্য, ইরান-আমেরিকার মধ্যে ১৪ দফা মউ সই হয়েছে। যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী থেকে অবরোধ তোলা, ইরানের বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফেরত, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৩০ দিনে সেনা প্রত্যাহার এবং ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না- এই শর্ত। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলবে।
৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিলেও, ইরানের সঙ্গে চুক্তির শর্তে একাধিক ছাড় দিচ্ছে আমেরিকা। আবার ইজরায়েলকেও সংযত হওয়ার বার্তা দিচ্ছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে ভারসাম্য রাখতেই ট্রাম্পের এই দ্বিমুখী কৌশল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
