আজকের দিনেবিশ্ব

Australian Girl Killed in Pakistan : পাক পুলিশের গুলিতে ৯ বছরের অজি বালিকার মৃত্যু, কড়া তদন্ত চাইলেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ডাকাত ধরতে গিয়ে ৯ বছরের অস্ট্রেলিয়ান বালিকাকে গুলি করে মারল পাকিস্তানের পাঞ্জাব পুলিশ। লাহোরের কাছে চাকওয়ালে মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ইসলামাবাদের কাছে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটে গত ১০ জুন রাতে। লাহোর থেকে ৩০০ কিমি দূরে চাকওয়াল জেলায় পাক বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান পরিবারটি ভাড়ার গাড়িতে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। গাড়িতে ছিল ৯ বছরের হানিয়া আহমেদ, তার মা-বাবা ও ভাই। পথে মোটরবাইকে আসা দুই সশস্ত্র ডাকাত তাদের পথ আটকায়।

হানিয়ার বাবা সঙ্গে সঙ্গে পুলিশের আপৎকালীন নম্বরে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। এরপর হানিয়াদের গাড়িও গন্তব্যে রওনা দেয়। পাঞ্জাব পুলিশের দাবি, দ্রুত গাড়িটি চলে যাচ্ছে দেখে সেটিকে ডাকাতদের গাড়ি ভেবে গুলি চালান পুলিশকর্মীরা। গুলিতে ঝাঁজরা হয়ে যায় গাড়িটি।

ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয় হানিয়া, তার ভাই ও বাবা। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হানিয়ার। বিষয়টি জানাজানি হতেই ইসলামাবাদের উপর কূটনৈতিক চাপ বাড়ায় অস্ট্রেলিয়া।

ইতিমধ্যে যে পুলিশ আধিকারিক প্রথম গুলি চালান, তাঁকে হেফাজতে নিয়ে খুনের মামলা দায়ের হয়েছে। অন্য পুলিশকর্মীদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তিনি বলেন, “অস্ট্রেলিয়া আশা করে যে, এই পরিস্থিতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং যথাযথ তদন্ত করা হবে।” পাক পুলিশের এই ‘ভুল’ নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। ডাকাত ধরতে গিয়ে নিরীহ অস্ট্রেলিয়ান শিশুর মৃত্যু পাকিস্তানের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *